রায়গঞ্জে স্ট্রং রুম ঘিরে দ্বিমত— নিরাপত্তায় সন্তুষ্ট বিজেপি, প্রশ্ন তুললেন তৃণমূল প্রার্থী”

তন্ময় চক্রবর্তী  ঃ– রায়গঞ্জ পলিটেকনিক কলেজে তৈরি হওয়া স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে সরেজমিনে খতিয়ে দেখতে হাজির হলেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের দুই প্রধান প্রতিদ্বন্দ্বী— বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী।

কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় ঘেরা এই স্ট্রং রুমে রাখা হয়েছে ভোটের ইভিএম মেশিন, যা নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে ভিন্ন মত।পরিদর্শনের পর বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, যেভাবে কেন্দ্রীয় বাহিনী ধাপে ধাপে নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছে, তা সত্যিই অভূতপূর্ব। তার কথায়, “প্রত্যেকটি স্তরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। আমরা স্ট্রং রুমের ভিতরে গিয়ে দেখেছি, ইভিএম মেশিনগুলো সঠিকভাবে তালাবদ্ধ রয়েছে কিনা, সিল ঠিকঠাক আছে কিনা— সব কিছুই যথাযথভাবে রয়েছে।”

এই ব্যবস্থা নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিরপেক্ষ করবে বলেই তিনি আশাবাদী।অন্যদিকে, একই স্ট্রং রুম ঘুরে দেখে একাধিক প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। তার অভিযোগ, নিয়ম অনুযায়ী স্ট্রং রুমে তিনটি তালা থাকার কথা থাকলেও বাস্তবে সেখানে দুটি তালা লাগানো রয়েছে, একটি তালা অনুপস্থিত। তিনি বলেন, “এই বিষয়টি অত্যন্ত গুরুতর।

আমি ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি।”শুধু তাই নয়, তৃণমূল প্রার্থী আরও অভিযোগ করেন যে, স্ট্রং রুমের বাইরে পাহারার জন্য থাকা তৃণমূল কর্মীদের বসার নির্দিষ্ট জায়গা এখনও পর্যন্ত নির্ধারণ করা হয়নি। এতে করে নিরাপত্তা ব্যবস্থার পূর্ণতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে বলে মত তার।সব মিলিয়ে, রায়গঞ্জে স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে দুই প্রধান রাজনৈতিক দলের প্রার্থীদের ভিন্ন অবস্থান নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে। নির্বাচন এর ফলাফলের  দিন যতই এগিয়ে আসছে, ততই এই ধরনের ইস্যু ঘিরে চর্চা বাড়ছে জেলাজুড়ে।