রাখির বাজারেও রাজনৈতিক পালাবদলের ছাপ! তৃণমূলের জায়গায় এবার মোদির মুখ, পদ্ম প্রতীকে মাতছে কালিয়াগঞ্জের রাখির বাজার
তন্ময় চক্রবর্তী রাজনৈতিক পালাবদলের প্রভাব এবার যেন সরাসরি এসে পড়েছে রাখির বাজারেও। ভাই-বোনের ভালোবাসা, স্নেহ ও বন্ধনের প্রতীক রাখিপূর্ণিমার উৎসবকে ঘিরে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ শহরের বাজার ইতিমধ্যেই জমজমাট। রকমারি নকশা, কার্টুন চরিত্র, পাথর বসানো রাখি, নাম লেখা রাখি থেকে শুরু করে নানা ধরনের অভিনব ডিজাইনের রাখিতে সেজে উঠেছে শহরের বিভিন্ন দোকান।
তবে এ বছর সাধারণ রাখির পাশাপাশি বিশেষ নজর কেড়েছে রাজনৈতিক মুখ ও প্রতীক দেওয়া রাখি।গত বছর বাজারে তৃণমূল কংগ্রেসের প্রতীক এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া রাখি ক্রেতাদের মধ্যে যথেষ্ট আগ্রহ তৈরি করেছিল। কিন্তু রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এবার সেই জায়গায় নতুন করে দেখা যাচ্ছে বিজেপির পদ্ম প্রতীক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ,রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া রাখি। ফলে রাখিপূর্ণিমার বাজারে উৎসবের রঙের সঙ্গে মিশে গিয়েছে রাজনীতির রংও।শুক্রবার রাখিপূর্ণিমা।
তার আগে কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই জমে উঠেছে রাখির কেনাবেচা। স্থায়ী দোকানের পাশাপাশি রাস্তার ধারে একাধিক অস্থায়ী দোকানও বসেছে। সকাল থেকে রাত পর্যন্ত সেই সব দোকানে ক্রেতাদের ভিড় চোখে পড়ছে। ছোটদের জন্য পছন্দের কার্টুন চরিত্র থেকে শুরু করে তরুণ-তরুণীদের জন্য স্টাইলিশ রাখি—সব বয়সের ক্রেতার কথা মাথায় রেখেই দোকানগুলিতে সাজানো হয়েছে নানা ধরনের সম্ভার।তবে এ বছর সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে রাজনৈতিক রাখিকে ঘিরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি এবং বিজেপির পদ্ম প্রতীক দেওয়া রাখি অনেকের নজর কাড়ছে।

পাশাপাশি গেরুয়া রঙের বিভিন্ন ডিজাইনের রাখিও বাজারে বেশ ভালো চাহিদা তৈরি করেছে বলে দাবি বিক্রেতাদের।এক রাখি বিক্রেতার কথায়, “রাখি কিনতে এসে অনেকেই এবার একটু নতুন ধরনের রাখি খুঁজছেন। মোদির ছবি এবং বিজেপির প্রতীক দেওয়া রাখি অনেকেরই পছন্দ হচ্ছে। রাজনৈতিক রাখি নিয়ে আলাদা করে ক্রেতাদের আগ্রহ রয়েছে। গত বছরের তুলনায় এবার রাখির ডিজাইনেও বেশ কিছু পরিবর্তন এসেছে।”আরেক বিক্রেতা জানান, প্রতি বছরই সময়ের সঙ্গে সঙ্গে রাখির ডিজাইন ও চাহিদায় পরিবর্তন আসে। তাঁর কথায়, “রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে রাখির ডিজাইনেও পরিবর্তন দেখা যায়। গত বছর যে ধরনের রাজনৈতিক রাখি বেশি চলেছিল, এবার তার বদলে অন্য ধরনের রাখির চাহিদা দেখা যাচ্ছে। বিশেষ করে গেরুয়া রঙের রাখি ভালো বিক্রি হচ্ছে।”শুধু রাজনৈতিক প্রতীক নয়, এবারের বাজারে রয়েছে নানা ধরনের অভিনব রাখি। শিশুদের জন্য কার্টুন চরিত্রের রাখি, বিভিন্ন নাম লেখা রাখি, পাথর ও ঝিলমিল দিয়ে সাজানো রাখি, স্টাইলিশ ডিজাইনের রাখি এবং বিভিন্ন বার্তা লেখা রাখিও ক্রেতাদের আকর্ষণ করছে। বয়স ও পছন্দ অনুযায়ী রয়েছে ছোট থেকে বড়—বিভিন্ন দামের রাখি। ফলে সাধ্যের মধ্যে পছন্দের রাখি কিনতে দোকানে দোকানে ভিড় করছেন ক্রেতারা।রাখি কিনতে আসা স্বপন দাস বলেন, “সাধারণ রাখির পাশাপাশি একটু অন্যরকম রাখি কিনতে চেয়েছিলাম। ত্রিশূল আঁকা রাখিটি চোখে পড়তেই ভালো লেগেছে। তাই সেটিই কিনলাম।”অন্য এক ক্রেতা বিমল সরকারের কথায়, “রাখি আসলে ভাই-বোনের ভালোবাসা ও ভ্রাতৃত্বের প্রতীক। তবে বাজারে এখন নানা ধরনের অভিনব রাখি পাওয়া যাচ্ছে। রাজনৈতিক নেতার ছবি দেওয়া রাখিও এবার নতুন সংযোজন। দেখতে বেশ আকর্ষণীয়।”ব্যবসায়ীদের মতে, রাখিপূর্ণিমাকে কেন্দ্র করে শেষ মুহূর্তে বাজারে ক্রেতাদের ভিড় আরও বাড়বে। ইতিমধ্যেই কেনাকাটার ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে রাখিপূর্ণিমার আগের দিনগুলিতে বিক্রি আরও বাড়বে বলে আশাবাদী ব্যবসায়ীরা।তবে এবারের কালিয়াগঞ্জের রাখির বাজারে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হয়ে উঠেছে রাজনৈতিক রাখির চাহিদা। ভাই-বোনের পবিত্র সম্পর্কের উৎসবের বাজারে যেখানে ভালোবাসা ও আবেগই মূল আকর্ষণ, সেখানে সময়ের রাজনৈতিক পালাবদলের ছাপও যে কতটা স্পষ্টভাবে জায়গা করে নিতে পারে, কালিয়াগঞ্জের রাখির বাজার যেন তারই এক অভিনব উদাহরণ।রঙিন রাখি, উৎসবের আমেজ আর রাজনৈতিক প্রতীকের মিশেলে তাই এবার কালিয়াগঞ্জের রাখির বাজারে তৈরি হয়েছে একেবারে অন্যরকম আবহ।



