“যুব ভাতা ঢুকলেই বাজবে ব্যান্ড—১ এপ্রিল থেকে ব্লক ও শহরে মিছিলের ঘোষণা যুব তৃণমূলের”

তন্ময় চক্রবর্তী রাজ্য সরকারের জনমুখী প্রকল্পকে সামনে রেখে যুব সমাজের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করতে এবার উৎসবের মেজাজে নামতে চলেছে তৃণমূল যুব কংগ্রেস। আগামী ১ এপ্রিল থেকে মাধ্যমিক পাশ ১৮ থেকে ৪০ বছর বয়সী যুবকদের অ্যাকাউন্টে মাসে দেড় হাজার টাকা করে বেকার ভাতা ঢুকতে শুরু করবে, আর সেই দিন থেকেই প্রতিটি ব্লক ও শহরে ব্যান্ড পার্টি বাজিয়ে মিছিল করা হবে—এমনই ঘোষণা করলেন উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক গুণ।রায়গঞ্জে অনুষ্ঠিত জেলা যুব তৃণমূল কংগ্রেসের মাসিক সাংগঠনিক সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৌশিক গুণ বলেন,“১ এপ্রিল থেকে যুবকদের অ্যাকাউন্টে দেড় হাজার টাকা করে ঢুকবে। সেই দিন থেকেই আমরা প্রতিটা ব্লক এবং শহরে ব্যান্ড পার্টি বাজিয়ে মিছিল করব।

এটা শুধু আনন্দ নয়, এটা যুব সমাজের লড়াইয়ের স্বীকৃতি।”তিনি আরও দাবি করেন,“যুবকদের জন্য এই বেকার ভাতা আসলে বাড়তি অক্সিজেন। পড়াশোনা শেষ করে যারা কাজের অপেক্ষায় রয়েছে, তাদের জন্য এই ভাতা নতুন ভরসা দেবে।”সভায় জানানো হয়, আগামী ১৫ই ফেব্রুয়ারি থেকে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত বেকার ভাতার ফর্ম ক্যাম্প করে জমা নেওয়া হবে, যাতে জেলার কোনও যোগ্য যুবক-যুবতী এই প্রকল্প থেকে বঞ্চিত না হন।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্প প্রসঙ্গে কৌশিক গুণ বলেন,“লক্ষ্মীর ভান্ডারের টাকা ৫০০ টাকা বেড়েছে দেখে আমরা দেখেছি মহিলারা আনন্দে আবির খেলছেন। ঠিক একইভাবে ১ এপ্রিল থেকে যুবকদের অ্যাকাউন্টে দেড় হাজার টাকা ঢুকতে শুরু করলে যুব সমাজের মধ্যেও উৎসবের আবহ তৈরি হবে।”যুব তৃণমূল নেতৃত্বের মতে, লক্ষ্মীর ভান্ডার ও বেকার ভাতার মতো প্রকল্পই আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বাড়তি শক্তি দেবে। সংগঠন সূত্রে দাবি করা হয়েছে, এই প্রকল্পগুলির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ব্লক থেকে বুথ স্তর পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি চলবে।