মা বয়রার আশীর্বাদে প্রচারের সূচনা: বিজেপি প্রার্থী উৎপল মহারাজ-র পাশে সাংসদ কার্তিক চন্দ্র পাল, কালিয়াগঞ্জে জমে উঠছে ভোটের লড়াই
তন্ময় চক্রবর্তী বাঙালির বারো মাসে তেরো পার্বণের ঐতিহ্যের সঙ্গে এখন যোগ হয়েছে আরও এক উৎসব—ভোট উৎসব। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই রাজ্যের সর্বত্র চড়েছে রাজনৈতিক পারদ। বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী ঘোষণা করে মাঠে নেমে পড়েছে জোরদার প্রচারে। একে অপরকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ সব পক্ষই।এই আবহেই কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রার্থী নির্বাচন নিয়ে বড় চমক দিয়েছে বিজেপি।

কুণরের ভারত সেবাশ্রম সংঘের কর্ণধার উৎপল মহারাজ-কে প্রার্থী করে সংগঠন নতুন সমীকরণ তৈরির চেষ্টা করেছে। স্বাভাবিকভাবেই এই প্রার্থীকে ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে দেখা যাচ্ছে বাড়তি উৎসাহ ও উদ্দীপনা।এরই মধ্যে শনিবার কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী মা বয়রা কালী মন্দির-এ পুজো দিতে যান বিজেপি প্রার্থী উৎপল মহারাজ। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল।মন্দিরে পুজোর সময় দুজনকেই ভক্তিভরে প্রার্থনায় মগ্ন থাকতে দেখা যায়। তাঁদের আগমনকে ঘিরে মন্দির প্রাঙ্গণে ভিড় জমায় বিজেপি কর্মী ও সমর্থকরা।পুজো শেষে উৎপল মহারাজ বলেন, “মা বয়রা কালী আমাদের সকলের আরাধ্যা। তাঁর আশীর্বাদ নিয়েই আমরা মানুষের সেবা করতে চাই। কালিয়াগঞ্জের মানুষের উন্নয়ন, শান্তি ও সার্বিক অগ্রগতির জন্য কাজ করাই আমার মূল লক্ষ্য। মানুষের আশীর্বাদ পেলে সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করব।”অন্যদিকে সাংসদ কার্তিক চন্দ্র পাল বলেন, “উৎপল মহারাজ একজন সমাজসেবী মানুষ। দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে কাজ করেছেন। আমরা আশাবাদী, কালিয়াগঞ্জের মানুষ তাঁকে সমর্থন করবেন এবং এই কেন্দ্র থেকে পরিবর্তনের পথ সুগম হবে।”ভোটের আগে ধর্মীয় স্থানে পুজো দিয়ে প্রচারের এই সূচনা যে রাজনৈতিক বার্তাও বহন করছে, তা স্পষ্ট বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

