‘ভয় নয়, সমস্যায় সরাসরি থানায় আসুন’—কালিয়াগঞ্জে মহিলাদের নিয়ে সচেতনতা শিবির, নারী সুরক্ষা, সাইবার প্রতারণা, বাল্যবিবাহ ও আইনি অধিকার নিয়ে বিস্তৃত আলোচনা; মহিলাদের পাশে থাকার বার্তা কালিয়াগঞ্জ থানার

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ, ৩ আগস্ট:মহিলাদের সুরক্ষা, আইনি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং পুলিশ-জনসাধারণের মধ্যে পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় করার লক্ষ্যে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার উদ্যোগে সোমবার শহরের ১০ ও ১৭ নম্বর ওয়ার্ডে একটি বিশেষ মহিলা সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর ব্যাপক সাড়া মেলে এই কর্মসূচিতে।

শতাধিক মহিলা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নিজেদের বিভিন্ন সমস্যা, অভিজ্ঞতা এবং প্রশ্ন পুলিশ প্রশাসনের সামনে তুলে ধরেন।শিবিরে উপস্থিত পুলিশ আধিকারিকরা মহিলাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং নারী সুরক্ষা, আইনি অধিকার ও সামাজিক নিরাপত্তা সম্পর্কিত একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষভাবে ঘরোয়া হিংসা, যৌন হেনস্থা, বাল্যবিবাহ, নারী পাচার, কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা এবং বিভিন্ন ধরনের অপরাধের বিরুদ্ধে কীভাবে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে সচেতন করা হয়।বর্তমান সময়ে ক্রমবর্ধমান সাইবার অপরাধ নিয়েও মহিলাদের সতর্ক করা হয়। ফোনে প্রতারণা, ওটিপি ও ব্যাঙ্ক সংক্রান্ত জালিয়াতি, সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পরিচয়ের মাধ্যমে হয়রানি, অনলাইন আর্থিক প্রতারণা এবং ডিজিটাল নিরাপত্তা বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে বাস্তব উদাহরণের মাধ্যমে সচেতন করা হয়। সন্দেহজনক ফোনকল, অচেনা লিঙ্ক বা ব্যক্তিগত তথ্য শেয়ার না করার পরামর্শ দেন পুলিশ আধিকারিকরা।শিবিরে মহিলাদের জানানো হয়, কোনও ধরনের অপরাধ, হেনস্থা বা প্রতারণার শিকার হলে ভয় বা সামাজিক সংকোচ না করে অবিলম্বে মহিলা হেল্পলাইন অথবা কালিয়াগঞ্জ থানার সঙ্গে যোগাযোগ করতে হবে। পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে এবং অভিযোগকারীর পরিচয় ও নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে বলেও আশ্বাস দেওয়া হয়।এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ থানার ভারপ্রাপ্ত আইসি ভাস্কর কর, টাউন বাবু সুশান্ত বৈষ্ণব, মহিলা পুলিশ আধিকারিক মধুরিমা দত্ত-সহ থানার অন্যান্য পুলিশ কর্মী এবং সিভিক ভলান্টিয়াররা। তাঁরা উপস্থিত মহিলাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় আইনি পরামর্শ প্রদান করেন।অনুষ্ঠানে উপস্থিত পুলিশ আধিকারিকরা বলেন, অপরাধ প্রতিরোধে শুধু পুলিশের উদ্যোগ যথেষ্ট নয়, সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণও সমান গুরুত্বপূর্ণ। বিশেষ করে মহিলারা যদি নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হন এবং সমস্যার কথা নির্ভয়ে প্রশাসনের কাছে তুলে ধরেন, তাহলে বহু অপরাধ প্রতিরোধ করা সম্ভব হবে।কালিয়াগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়, ‘পুলিশ আপনার বন্ধু’—এই বার্তাকে আরও শক্তিশালী করতেই পাড়ায় পাড়ায় গিয়ে এই ধরনের সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হচ্ছে। এর মূল উদ্দেশ্য পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে দূরত্ব কমানো, পারস্পরিক বিশ্বাস বাড়ানো এবং এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে কোনও মহিলা বিপদের মুখে পড়লে বা অন্যায়ের শিকার হলে ভয় না পেয়ে সরাসরি পুলিশের দ্বারস্থ হতে পারেন।থানা সূত্রে আরও জানানো হয়েছে, আগামী দিনেও কালিয়াগঞ্জ শহর ও ব্লকের বিভিন্ন এলাকায় একই ধরনের সচেতনতা শিবিরের আয়োজন করা হবে, যাতে আরও বেশি সংখ্যক মহিলা আইনি অধিকার, আত্মরক্ষা, সাইবার নিরাপত্তা এবং সরকারি সহায়তা পরিষেবা সম্পর্কে অবগত হতে পারেন। প্রশাসনের আশা, এই উদ্যোগ নারী নিরাপত্তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।