বিজেপির চার্জশিটে তীব্র আক্রমণ, রায়গঞ্জে সাংবাদিক সম্মেলনে নিমাই কবিরাজ

রায়গঞ্জ, উত্তর দিনাজপুর: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিজেপির পক্ষ থেকে চার্জশিট প্রকাশ করা হল। সোমবার রায়গঞ্জে এক সাংবাদিক সম্মেলনে এই চার্জশিট তুলে ধরেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি নিমাই কবিরাজ।তিনি বলেন, “গত ১৫ বছরে তৃণমূল সরকারের শাসনে পশ্চিমবঙ্গের সার্বিক অবনতি হয়েছে। শিল্প, শিক্ষা, কৃষি থেকে শুরু করে স্বাস্থ্য—সব ক্ষেত্রেই রাজ্য পিছিয়ে পড়েছে।”নিমাই কবিরাজ অভিযোগ করেন, রাজ্যে একের পর এক চা বাগান বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার শ্রমিক আজ চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন।

কৃষিক্ষেত্রেও বাংলার অবস্থান আগের তুলনায় নীচে নেমে এসেছে বলে দাবি করেন তিনি।শিক্ষা ব্যবস্থা নিয়েও সরব হন বিজেপি জেলা সভাপতি। তাঁর বক্তব্য, “উত্তরবঙ্গে একের পর এক বাংলা মাধ্যম স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। কলকাতার মতো শহরেও ভালো বাংলা মাধ্যম স্কুলের অভাব প্রকট। শিক্ষার মান দিন দিন তলানিতে ঠেকেছে।”এছাড়াও, দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, “রাজ্যে দুর্নীতির জেরে প্রায় ২৬ হাজার চাকরি বাতিল হয়েছে। এর ফলে বহু যুবক-যুবতীর ভবিষ্যৎ অন্ধকারে পড়েছে।”স্বাস্থ্য পরিষেবা প্রসঙ্গে তিনি দাবি করেন, “রাজ্যে পর্যাপ্ত চিকিৎসা পরিকাঠামোর অভাবে মানুষকে অন্য রাজ্যে, এমনকি কলকাতায় ছুটতে হচ্ছে চিকিৎসার জন্য।”সীমান্ত ও নিরাপত্তা ইস্যুতেও তোপ দাগেন নিমাই কবিরাজ। তাঁর অভিযোগ, “বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ বেড়েই চলেছে, যা রাজ্যের জনবিন্যাসে প্রভাব ফেলছে এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে।”এদিন তিনি আরও বলেন, “এই চার্জশিট রাজ্যের বাস্তব চিত্র তুলে ধরছে। মানুষ এবার পরিবর্তন চাইছে এবং বিজেপিই সেই বিকল্প।”সাংবাদিক সম্মেলনে উপস্থিত বিজেপি নেতৃত্বরা দাবি করেন, আগামী নির্বাচনে এই সমস্ত ইস্যুকেই সামনে রেখে মানুষের কাছে পৌঁছবে দল। এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির জেলা নেতা মানুষ ঘোষ উত্তর দিনাজপুর জেলার বিজেপির মিডিয়া প্রমুখ কেশবা নন্দ পাল আরো অনেকে উপস্থিত ছিলেন।