বন্দেমাতরমের সার্ধশতবর্ষে নাট্যের মহোৎসব! কালিয়াগঞ্জে পাঁচদিনব্যাপী আন্তঃরাজ্য নাট্যোৎসবের শুভ সূচনা

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ, ৬ জুন:ভারতীয় জাতীয়তাবাদের অন্যতম প্রেরণার উৎস ‘বন্দেমাতরম’ রচনার সার্ধশতবর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক আবহে মুখর হয়ে উঠল কালিয়াগঞ্জ। শুক্রবার সন্ধ্যায় কালিয়াগঞ্জের নজমু নাট্য নিকেতন মঞ্চে সুচেতা কলা কেন্দ্রের উদ্যোগে পাঁচদিনব্যাপী ‘সুচেতা আন্তঃরাজ্য নাট্যোৎসব’-এর জাঁকজমকপূর্ণ সূচনা হয়।অনুষ্ঠানের শুরুতেই বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য একাধিক গুণীজনকে সংবর্ধনা জানানো হয়।

এরপর মঞ্চস্থ হয় সমতট সংস্কৃতি প্রযোজিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় স্বল্পদৈর্ঘ্যের নাটক ‘অসময়’, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।সন্ধ্যার দ্বিতীয় পর্বে জম্মু ও কাশ্মীরের নাট্যদল রংলোক-এর প্রযোজনায় এবং লাকিজি গুপ্তার অভিনয়ে মঞ্চস্থ হয় বহুল প্রশংসিত নাটক ‘বহুরূপীয়া’।

 

আন্তঃরাজ্য এই নাট্য পরিবেশনা দর্শকদের কাছে এক ভিন্ন সাংস্কৃতিক অভিজ্ঞতা এনে দেয়।সুচেতা কলা কেন্দ্রের কর্ণধার ড. তামস বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ৯ জুন পর্যন্ত এই নাট্যোৎসব চলবে। উৎসব উপলক্ষে বিভিন্ন রাজ্যের নাট্যদলের অংশগ্রহণে প্রতিদিনই থাকবে বৈচিত্র্যময় নাট্য পরিবেশনা।

 

এছাড়াও আগামী রবিবার একটি গুরুত্বপূর্ণ সেমিনারের আয়োজন করা হয়েছে। সেখানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক ড. অভিজিৎ চৌধুরী এবং মুখ্য বক্তা হিসেবে থাকবেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের কণ্ঠসঙ্গীত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপিকা ড. কঙ্কনা মিত্র।নাট্যচর্চা, সংস্কৃতি বিনিময় এবং বাংলা নাটকের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে এই নাট্যোৎসব বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করছেন সংস্কৃতিপ্রেমীরা। কালিয়াগঞ্জের সাংস্কৃতিক মানচিত্রে এই উৎসব নিঃসন্দেহে এক উজ্জ্বল সংযোজন।