পার্ক স্ট্রিটে হোটেল-রেস্তোরাঁয় যৌথ অভিযান! উদ্ধার বিপুল পচা খাবার, চাঞ্চল্য মালিকদের মধ্যে
নিজস্ব সংবাদদাতা, কলকাতা : কলকাতার অন্যতম ব্যস্ত ও অভিজাত এলাকা পার্ক স্ট্রিটে হোটেল ও রেস্তোরাঁগুলিতে হানা দিল কলকাতা পুরসভা ও পুরসভার পুলিশের যৌথ দল। খাবারের গুণমান, খাদ্যসামগ্রী সংরক্ষণ এবং স্বাস্থ্যবিধি ঠিকমতো মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতেই এই বিশেষ অভিযান চালানো হয়।অভিযানে একাধিক হোটেল ও রেস্তোরাঁ থেকে বিপুল পরিমাণ পচা ও নষ্ট খাবার উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

খাবারগুলির গুণমান নিয়ে প্রশ্ন ওঠায় সেগুলি নষ্ট করে দেওয়া হয়। পাশাপাশি রান্নাঘরের পরিচ্ছন্নতা, খাদ্যসামগ্রী সংরক্ষণের পদ্ধতি এবং কর্মীদের স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টিও খতিয়ে দেখেন পুরসভার আধিকারিকরা।হঠাৎ এই যৌথ অভিযান ঘিরে পার্ক স্ট্রিটের একাধিক হোটেল ও রেস্তোরাঁর মালিক ও কর্মীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কোনও প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূতভাবে খাবার সংরক্ষণ করা হচ্ছে কি না, দীর্ঘদিনের পুরনো খাবার ব্যবহার করা হচ্ছে কি না—সেই সমস্ত বিষয়েও নজরদারি চালানো হয়।পুরসভা সূত্রে জানা গিয়েছে, অভিযানে স্বাস্থ্যবিধি বা খাদ্য নিরাপত্তার নিয়ম লঙ্ঘনের প্রমাণ মিললে সংশ্লিষ্ট হোটেল ও রেস্তোরাঁগুলির বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করা হতে পারে।পচা খাবার উদ্ধারকে ঘিরে এই অভিযান ফের একবার শহরের হোটেল-রেস্তোরাঁগুলিতে খাদ্যের গুণমান ও স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন তুলে দিল।

