পথশ্রী প্রকল্পে উন্নয়নের নতুন দিশা কোতগ্রামে ,২১ লক্ষ টাকার কংক্রিট রাস্তার শুভ উদ্বোধনে উপস্থিত রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী
তন্ময় চক্রবর্তী :- রায়গঞ্জ ব্লকের ১০ নং মারাইকুরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কোতগ্রাম এলাকায় রাজ্য সরকারের জনমুখী পথশ্রী প্রকল্পের মাধ্যমে নতুন কংক্রিট রাস্তার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই প্রকল্পের অধীনে প্রলয় সরকার বাড়ি থেকে রাজকুমার বাড়ি পর্যন্ত প্রায় দীর্ঘদিনের দাবি পূরণ হল গ্রামবাসীদের।এই রাস্তা নির্মাণে মোট বরাদ্দ করা হয়েছে ২১ লক্ষ ৭৪ হাজার ৯৬২ টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী।

এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, পঞ্চায়েত সদস্য ও বহু সংখ্যক গ্রামবাসী।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন,“মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রতিটি প্রান্তের মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে নিরলসভাবে কাজ করে চলেছেন। পথশ্রী প্রকল্প তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই রাস্তা শুধু চলাচলের সুবিধা নয়, শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নের পথও খুলে দেবে। কোতগ্রামের মানুষের দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান হল আজ।”তিনি আরও বলেন, গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে আগামী দিনেও এই ধরনের প্রকল্প অব্যাহত থাকবে।নতুন রাস্তা পেয়ে স্বাভাবিকভাবেই খুশি কোতগ্রামের সাধারণ মানুষ। এক গ্রামবাসী জানান,“বর্ষাকালে এই রাস্তায় হাঁটা পর্যন্ত কঠিন হয়ে যেত। এখন পাকা রাস্তা হওয়ায় স্কুলের ছাত্রছাত্রী, বয়স্ক মানুষ সবাই উপকৃত হবে।”আর এক গ্রামবাসীর কথায়,“দীর্ঘদিন ধরে আমরা এই রাস্তার দাবি জানিয়ে আসছিলাম। আজ সেই স্বপ্ন পূরণ হল। এর জন্য মুখ্যমন্ত্রী ও বিধায়ককে ধন্যবাদ।”পথশ্রী প্রকল্পের মাধ্যমে এই নতুন কংক্রিট রাস্তা এলাকার যোগাযোগ ব্যবস্থাকে আরও মজবুত করবে বলে মত প্রশাসনের। গ্রামীণ উন্নয়নের এই ধারাবাহিকতায় কোতগ্রামসহ আশপাশের এলাকায় সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে বলেই আশা সকলের।
