নিম্নমানের সামগ্রীর অভিযোগে কালিয়াগঞ্জে বন্ধ অডিটোরিয়ামের কাজ, সরব বিজেপি
কালিয়াগঞ্জ, ১১ মে : নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কালিয়াগঞ্জ পৌরসভার অডিটোরিয়াম নির্মাণ প্রকল্প। অভিযোগের ভিত্তিতে নির্মাণস্থলে পৌঁছে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন বিজেপি কাউন্সিলর বিভাস সাহা।

এরপর থেকেই আপাতত বন্ধ রয়েছে বহুল প্রতীক্ষিত ওই অত্যাধুনিক অডিটোরিয়ামের নির্মাণকাজ।জানা গিয়েছে, কালিয়াগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের হাসপাতালপাড়ার তিস্তা কলোনির শিশুউদ্যানের পিছনে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ৩০০ আসন বিশিষ্ট একটি আধুনিক অডিটোরিয়াম নির্মাণের কাজ চলছে। প্রাক্তন রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রীর এমপি কোটার অর্থে জেলা শাসকের দপ্তরের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।স্থানীয় সূত্রে খবর, ২০২৫ সালের শেষ দিকে শুরু হওয়া এই নির্মাণকাজ ইতিমধ্যেই ছাদ স্তর পর্যন্ত পৌঁছে গিয়েছে। তবে সম্প্রতি অভিযোগ ওঠে, নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ করা হচ্ছে। সেই খবর পেয়েই ঘটনাস্থলে যান বিজেপি কাউন্সিলর বিভাস সাহা এবং কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। তাঁর নির্দেশের পর ঠিকাদার সংস্থা আপাতত কাজ স্থগিত রেখেছে বলে জানা গিয়েছে।বিভাস সাহার অভিযোগ,“এত বড় প্রকল্পের কাজ হলেও জেলা শাসকের দপ্তরের কোনও নজরদারি চোখে পড়ছে না। এমনকি নির্মাণস্থলে প্রকল্প সংক্রান্ত কোনও তথ্য সম্বলিত সাইনবোর্ডও নেই। নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তাই বিষয়টি খতিয়ে দেখা না পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।”অন্যদিকে, কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা বিশ্বজিৎ কুন্ডু জানান, এই প্রকল্প সরাসরি জেলা শাসকের দপ্তরের অধীনে পরিচালিত হচ্ছে। তাই নির্মাণকাজ বন্ধ হওয়ার বিষয়ে তাঁর কাছে কোনও আনুষ্ঠানিক তথ্য নেই। তিনি বলেন,“এই প্রকল্পের কাজ জেলা শাসকের দপ্তরের মাধ্যমে হচ্ছে। পৌরসভার সরাসরি কোনও ভূমিকা নেই।”ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। কোটি টাকার এই প্রকল্পে নির্মাণের গুণমান নিয়ে প্রশ্ন ওঠায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও।
