নমিনেশনকে ঘিরে উত্তর দিনাজপুরে উৎসবের আবহ, শোভাযাত্রায় শক্তি প্রদর্শনে ব্যস্ত সব দল

 

তন্ময় চক্রবর্তী :– উত্তর দিনাজপুর জেলায় আগামী ২৩শে এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে ন’টি বিধানসভা কেন্দ্রের নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ চরমে উঠেছে জেলাজুড়ে। কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। একে অপরকে টেক্কা দিতে বিভিন্ন কৌশল, প্রচার এবং শক্তি প্রদর্শনে ব্যস্ত তারা।

বৃহস্পতিবার সেই চিত্র আরও স্পষ্ট হয়ে উঠল নমিনেশন জমা দেওয়ার দিনে। জেলার বিভিন্ন প্রান্তে দেখা গেল বর্ণাঢ্য শোভাযাত্রা, দলীয় পতাকা, ব্যানার এবং স্লোগানে মুখর পরিবেশ।

এদিন কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রী উৎপল মহারাজ রায়গঞ্জের সাংসদ কার্তিক পালের উপস্থিতিতে একটি বিশাল শোভাযাত্রা সহকারে কর্ণজোড়ায় জেলা শাসক দপ্তরে পৌঁছন নমিনেশন পত্র জমা দিতে। শোভাযাত্রায় হাজারো বিজেপি কর্মী-সমর্থকের ঢল নামে।  দলীয় পতাকা, ঢাক-ঢোল, স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। কর্মীদের উচ্ছ্বাস ও আত্মবিশ্বাস ছিল চোখে পড়ার মতো।অন্যদিকে, রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রেও একই ছবি ধরা পড়ে। তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী একটি বিশাল ও সুসংগঠিত শোভাযাত্রা সহকারে নমিনেশন জমা দিতে যান। তার শোভাযাত্রাতেও বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। দলীয় স্লোগান ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে রায়গঞ্জ শহর, যা প্রার্থীর প্রতি সমর্থনের ইঙ্গিত বহন করে।পিছিয়ে ছিল না কংগ্রেসও। রায়গঞ্জের জাতীয় কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্তও একটি বর্ণাঢ্য মিছিল করে জেলাশাসক দপ্তরে পৌঁছন নমিনেশন জমা দিতে। তার সঙ্গেও ছিল উল্লেখযোগ্য সংখ্যক সমর্থক, যাদের উৎসাহ এবং অংশগ্রহণ নজর কাড়ে।শুধু এই তিন কেন্দ্রই নয়, এদিন জেলার ন’টি বিধানসভা কেন্দ্রেই প্রায় একই চিত্র দেখা যায়। বিজেপি, তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস—তিনটি প্রধান দলের প্রার্থীরাই বর্ণাঢ্য শোভাযাত্রা ও শক্তি প্রদর্শনের মাধ্যমে জেলাশাসক দপ্তরে গিয়ে নমিনেশন পত্র জমা দেন।সব মিলিয়ে, নমিনেশন জমা দেওয়ার দিনটি কার্যত নির্বাচনী উৎসবে পরিণত হয় উত্তর দিনাজপুরে। রাজনৈতিক দলগুলির এই শক্তি প্রদর্শন স্পষ্ট করে দিচ্ছে যে, আগামী বিধানসভা নির্বাচন ঘিরে লড়াই হতে চলেছে অত্যন্ত জমজমাট ও হাড্ডাহাড্ডি।