ডিএ-তে বড় উপহার, ১ লক্ষ সরকারি চাকরি, ৫ নতুন জেলা ও উত্তরবঙ্গে এইমস — বিজেপি সরকারের প্রথম বাজেটে একগুচ্ছ ঘোষণা
তন্ময় চক্রবর্তী পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সোমবার বিধানসভায় পেশ হওয়া ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য ২০ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধি থেকে শুরু করে এক লক্ষ সরকারি পদে নিয়োগ, পাঁচটি নতুন জেলা গঠন, উত্তরবঙ্গে এইমস হাসপাতাল নির্মাণ এবং কলকাতার কাছে নতুন বিমানবন্দর তৈরির মতো একাধিক বড় ঘোষণা করা হয়েছে।

অর্থমন্ত্রী জানান, আগামী ১ অক্টোবর থেকে সরকারি কর্মচারীদের অতিরিক্ত ২০ শতাংশ ডিএ দেওয়া হবে। ফলে মোট ডিএ বেড়ে দাঁড়াবে ৩৮ শতাংশে। একই সুবিধা পাবেন পেনশনভোগীরাও।
১ লক্ষ সরকারি চাকরি, মহিলাদের জন্য ৩৩% সংরক্ষণ
বাজেটে আগামী দিনে এক লক্ষ শূন্যপদে নিয়োগের ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২০ হাজার পুলিশ বিভাগে এবং ৫০ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ রাখা হয়েছে। পাশাপাশি সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমায় অতিরিক্ত ৫ বছরের ছাড় আগামী দুই বছর বহাল থাকবে।
গঠিত হবে ৫ নতুন জেলা
প্রশাসনিক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে রাজ্যে পাঁচটি নতুন জেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবিত জেলাগুলি হল— কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ। এছাড়াও কাঁথিতে নতুন পুলিশ জেলা এবং গোপীবল্লভপুরে নতুন মহকুমা তৈরির ঘোষণা করা হয়েছে।
নতুন বিমানবন্দর, মেট্রো ও এলিভেটেড করিডোর
যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কলকাতার নিকটে নতুন বিমানবন্দর নির্মাণের প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি শিলিগুড়ি, দুর্গাপুর ও আসানসোলে মেট্রো প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা করা হবে।
নিউটাউন ও কলকাতার যোগাযোগ উন্নত করতে প্রায় ৯০০ কোটি টাকা ব্যয়ে ৭.৪১ কিলোমিটার দীর্ঘ চিংড়িহাটা-নিউটাউন এলিভেটেড করিডোর তৈরির পরিকল্পনাও ঘোষণা করা হয়েছে।
উত্তরবঙ্গে এইমস ও ক্যানসার হাসপাতাল
স্বাস্থ্য ক্ষেত্রে বড় ঘোষণা করে অর্থমন্ত্রী জানান, উত্তরবঙ্গে একটি এইমস ও একটি অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল গড়ে তোলা হবে। রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে এমবিবিএসের ৬০০টি আসনও বৃদ্ধি করা হবে।
অন্নপূর্ণা যোজনায় ৩৬ হাজার কোটি টাকা
নারী ক্ষমতায়নের লক্ষ্যে অন্নপূর্ণা যোজনার আওতায় প্রতি মাসে ৩ হাজার টাকা করে দেওয়ার জন্য ৩৬ হাজার কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। এই অর্থ সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে।
আশাকর্মী, সিভিক ও হোমগার্ডদের ভাতা বৃদ্ধি
আশাকর্মীদের মাসিক সাম্মানিক ৫ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে। সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশ ও হোমগার্ডদের মাসিক ভাতা ২ হাজার টাকা বাড়ানোর ঘোষণাও করা হয়েছে।
শিক্ষা ও ছাত্রছাত্রীদের জন্য বড় সুবিধা
সরকারি ও সরকারি পোষিত কলেজের ছাত্রছাত্রীদের চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য এককালীন ৩০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে। উচ্চশিক্ষায় অবিবাহিত ছাত্রীদের জন্য এককালীন ৫০ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণাও করা হয়েছে।
কৃষি, নদীপথ ও ঘাটাল মাস্টারপ্ল্যান
ভাগীরথী ও হুগলি নদীকেন্দ্রিক অর্থনৈতিক উন্নয়নে ১০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের ঘোষণা করা হয়েছে। অন্যদিকে বন্যা সমস্যার স্থায়ী সমাধানে ঘাটালে ১২০০ কোটি টাকার মাস্টার প্ল্যান বাস্তবায়নের প্রস্তাব রাখা হয়েছে।
খেলাধুলা ও সামাজিক সুরক্ষায় জোর
রাজ্যে নতুন স্পোর্টস বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গে আধুনিক স্টেডিয়াম এবং ‘খেলো ইন্ডিয়া’ কর্মসূচির অধীনে মিনি স্টেডিয়াম নির্মাণের ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বয়স্ক, বিধবা ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মাসিক ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে।
ঋণের বোঝা ও দুর্নীতিমুক্ত প্রশাসনের প্রতিশ্রুতি
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী দাবি করেন, রাজ্যের উপর বর্তমানে ৮ লক্ষ কোটি টাকারও বেশি ঋণের বোঝা রয়েছে। সেই পরিস্থিতিতে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলে জনগণের আস্থা পুনরুদ্ধার করাই সরকারের অন্যতম লক্ষ্য।
ডিএ বৃদ্ধি, বিপুল নিয়োগ, স্বাস্থ্য ও পরিকাঠামো উন্নয়নের একাধিক ঘোষণা নিয়ে বিজেপি সরকারের প্রথম বাজেটকে ঘিরে রাজ্যজুড়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর রাজনৈতিক ও জনমুখী আলোচনা।

