জীবন রেখা হাসপাতালে হৃদরোগ চিকিৎসায় নতুন দিশা, সাংবাদিক সম্মেলনে বড় ঘোষণা, উত্তর দিনাজপুরে উন্নত কার্ডিয়াক কেয়ার পরিষেবার সূচনা
তন্ময় চক্রবর্তী :- উত্তর দিনাজপুর জেলার স্বাস্থ্য পরিষেবায় এক নতুন অধ্যায়ের সূচনা করল রায়গঞ্জের জীবন রেখা হাসপাতাল। শুক্রবার জীবন রেখা হাসপাতালে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়, কলকাতার Apollo Multispeciality Hospital–এর প্রখ্যাত কার্ডিয়াক সার্জন ডা. সুশান মুখোপাধ্যায় (MBBS, MS, MCh – CVTS) নিয়মিতভাবে জীবন রেখা হাসপাতালে হৃদরোগ সংক্রান্ত চিকিৎসা পরিষেবা দেবেন।সাংবাদিক সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে উত্তর দিনাজপুর ও পার্শ্ববর্তী জেলার মানুষের কাছে উন্নতমানের চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়াই জীবন রেখা হাসপাতালের মূল লক্ষ্য।

এই উদ্যোগের ফলে গুরুতর হৃদরোগে আক্রান্ত রোগীদের আর কলকাতা বা ভিন রাজ্যে যেতে হবে না।হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, গত কয়েক বছরে জীবন রেখা হাসপাতালে৫০০-র বেশি সফল অ্যাঞ্জিওগ্রাফি, অ্যাঞ্জিওপ্লাস্টি ও পেসমেকার স্থাপন, এবং১৬,৫০০-রও বেশি ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে হাসপাতালটি আধুনিক কার্ডিয়াক কেয়ার পরিষেবা প্রদানে সম্পূর্ণভাবে সক্ষম।এই সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ডা. সুশান মুখোপাধ্যায় জীবন রেখা হাসপাতালের পরিকাঠামো ও ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন,“জীবন রেখা হাসপাতালের পরিকাঠামো ও চিকিৎসা ব্যবস্থাপনা সত্যিই প্রশংসনীয়।

উত্তর দিনাজপুরের মতো জেলায় এত উন্নত সুবিধা গড়ে তোলার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই।”তিনি আরও বলেন,“আমি নিয়মিতভাবে এখানে এসে কার্ডিয়াক ওপিডি, অ্যাঞ্জিওগ্রাফি, অ্যাঞ্জিওপ্লাস্টি এবং প্রয়োজনে জটিল হার্ট সার্জারির মাধ্যমে রোগীদের চিকিৎসায় সহযোগিতা করব। এর ফলে স্থানীয় মানুষ স্বল্প খরচে, নিজের জেলাতেই উন্নত হৃদরোগ চিকিৎসা পাবেন।”সাংবাদিক সম্মেলনে হাসপাতালের কর্ণধার ও চিকিৎসক ডা. শান্তনু দাস বলেন,“জীবন রেখা হাসপাতাল বরাবরই সাধারণ মানুষের জন্য উন্নত ও সাশ্রয়ী চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্যে কাজ করে চলেছে। ডা. সুশান মুখোপাধ্যায়ের মতো অভিজ্ঞ কার্ডিয়াক সার্জনের নিয়মিত উপস্থিতিতে আমাদের হাসপাতালের হৃদরোগ চিকিৎসা পরিষেবা আরও শক্তিশালী হবে।

”তিনি আরও জানান,“ভবিষ্যতে জীবন রেখা হাসপাতালে ওপেন হার্ট সার্জারি, বাইপাস সার্জারি সহ সমস্ত আধুনিক কার্ডিয়াক পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে। উত্তর দিনাজপুরের মানুষ যেন আর চিকিৎসার জন্য বাইরে যেতে না বাধ্য হন, সেটাই আমাদের অঙ্গীকার।”সাংবাদিক সম্মেলনে আরও জানানো হয়, আগামী দিনে জীবন রেখা হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি সংযোজন ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে মাল্টি-স্পেশালিটি পরিষেবা আরও সম্প্রসারণ করা হবে।এই উদ্যোগকে উত্তর দিনাজপুর জেলার স্বাস্থ্য পরিষেবায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করছেন চিকিৎসক মহল ও সাধারণ মানুষ।





