চিকেন নেক দখলের হুমকির আবহে সীমান্তবর্তী বালুরঘাটে ভারতীয় ডিফেন্সের প্রদর্শন , সেনামেলা ও অস্ত্র প্রদর্শনী

মান্না চন্দ, দক্ষিণ দিনাজপুর :একদিকে যখন বাংলাদেশে চিকেন নেক দখল করার হুমকি ঘিরে উগ্র মৌলবাদী শক্তির ক্রমাগত উত্তেজনা মূলক বক্তব্য বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় চোখে পড়ছে, ঠিক সেই সময় সীমান্তবর্তী সংলগ্ন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে শুরু হলো ভারতীয় সেনাবাহিনীর শক্তি প্রদর্শন কর্মসূচি । রবিবার সকালে পূর্ব নির্ধারিত ঠিক বেলা দশটার সময় বালুরঘাট স্টেডিয়ামে শুরু হলো ভারতীয় সেনার আধুনিক অস্ত্র সক্ষমতার প্রদর্শনী কর্মসূচি। যার নাম দেওয়া হয়েছে, ‘ স্বশক্ত সেনা, বিকশিত ভারত “।

 

২১ ও ২২ ডিসেম্বর দুদিন ধরে চলবে এই সেনা মেলা ও প্রদর্শনী। ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন রেজিমেন্টের পক্ষ থেকে এই দুই দিনে একাধিক মহড়া, প্রযুক্তি নির্ভর আধুনিক শস্ত্রের প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের লোকসভার সাংসদ ডঃ সুকান্ত মজুমদার, গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন রায়, তপনের বিধায়ক বুধরাই টুডু , জেলা প্রশাসন সহ সেনা আধিকারিকরা।অনুষ্ঠানের শুরুতে ব্যান্ডের মাধ্যমে স্টেডিয়ামে উপস্থিত সমস্ত দর্শকের মন জয় করে নেয় ভারতীয় সেনা। এরপর কুমায়ুন, গোর্খা ও মারাঠা রেজিমেন্টের সেনা সদস্যের দ্বারা পরিবেশিত হয় সংস্কৃতিক পরিবেশনা।ভাঙড়া নৃত্য, শারীরিক কসরত ও আর্মি ডগদের কৌশল পরিবেশনা সকল সাধারণ মানুষের ও ছাত্রছাত্রীদের মন জয় করে নেয়। এছাড়া সেনা মহড়ায় এয়ার ডিফেন্স রাডার, আধুনিক ড্রোন, নোগ্রাস কামান সহ অন্যান্য আধুনিক যুদ্ধাস্ত্র প্রদর্শিত হয়। শুধু তাই নয় ড্রোন ও রোবট কুকুরের মত অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন শস্ত্র যুদ্ধে কিভাবে ব্যবহার হয় তা সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়।এনসিসি ক্যাডেট ও স্কুল পড়ুয়াদের সঙ্গে বিশেষ মতবিনিময় অনুষ্ঠানের মাধ্যমে যুবসমাজকে অনুপ্রাণিত করা এবং সশস্ত্র বাহিনী সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়। এই কর্মসূচিতে বালুরঘাট শহর ও শহর লাগোয়া এলাকার বিপুল সংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়, যা ভারতীয় সেনাবাহিনী ও সাধারণ মানুষের মধ্যে দৃঢ় সম্পর্কের প্রতিফলন এবং অসামরিক–সামরিক সংযোগ ও জাতি গঠনের ভাবনাকে আরও দৃঢ় করে।এ প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সংসদ ড: সুকান্ত মজুমদার বলেন, এই কর্মসূচির মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর শক্তি প্রদর্শনের পাশাপাশি যুব সমাজকে সেনাবাহিনীতে যোগদানের জন্য উদ্বুদ্ধ করবে।সেনাবাহিনীর তরফ থেকে প্রেস বিবৃতিতে বলা হয়েছে, এই সফল উদ্বোধনের মাধ্যমে ‘স্বশক্ত সেনা সমৃদ্ধ ভারত – ২০২৫’ কর্মসূচির শুভ সূচনা হলো এবং নাগরিকদের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ, আস্থা বৃদ্ধি, সচেতনতা ও জাতীয় গর্ব জাগ্রত করার প্রতি ভারতীয় সেনাবাহিনীর অঙ্গীকার পুনর্ব্যক্ত হলো।