চা-বাগানের জমি নিয়ে রণক্ষেত্র চোপড়ায়! দুই পক্ষের সংঘর্ষে জখম একাধিক, এলাকায় তীব্র উত্তেজনা
চা-বাগানের জমিকে কেন্দ্র করে দীর্ঘদিনের পারিবারিক বিবাদ এবার রূপ নিল তুমুল সংঘর্ষে। ধারালো অস্ত্র, বাঁশ ও লাঠিসোটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে জখম হলেন উভয় পক্ষের বেশ কয়েকজন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের চোয়াগাড়ি চৌরঙ্গী মোড় এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চা-বাগানের জমি নিয়ে দীপঙ্কর সিংহ ও উত্তম সিংহের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল।
অভিযোগ, রবিবার উত্তম সিংহ ও তাঁর পরিবারের সদস্যরা ওই চা-বাগান থেকে চা-পাতা তুলতে গেলে দীপঙ্কর সিংহের পরিবারের লোকজন তাতে বাধা দেন।এই ঘটনাকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, বচসা চলাকালীন আচমকাই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। মুহূর্তের মধ্যেই বাঁশ, লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে মারামারির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।ঘটনার খবর পেয়ে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি সংঘর্ষের প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত কোনও পক্ষের অভিযোগের ভিত্তিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা তদন্তের পর আরও স্পষ্ট হবে।ঘটনাকে ঘিরে এলাকায় যাতে নতুন করে উত্তেজনা না ছড়ায়, সেদিকেও নজর রাখছে পুলিশ।

