গঙ্গারামপুরে নতুন সাংসদ কার্যালয়, বালুরঘাটে ছুটতে হবে না জেলার বহু মানুষকে
গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর, ২৩ সেপ্টেম্বর: দক্ষিণ দিনাজপুর জেলার সর্বস্তরের মানুষের কাছে সাংসদ পরিষেবা আরও সহজলভ্য করতে গঙ্গারামপুরে চালু হলো নতুন সাংসদ কার্যালয়। মঙ্গলবার যজ্ঞ, পূজার্চনা এবং ফিতে কেটে এই নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাট লোকসভার সাংসদ সুকান্ত মজুমদার।

এতদিন সাংসদের সঙ্গে দেখা করা কিংবা সাংসদ-সংক্রান্ত বিভিন্ন পরিষেবা ও সমস্যার কথা জানাতে জেলার বিভিন্ন প্রান্তের মানুষকে মূলত বালুরঘাটে ছুটে যেতে হতো। বিশেষ করে হরিরামপুর, কুশমন্ডি, বংশীহারী-সহ জেলার দূরবর্তী এলাকার বাসিন্দাদের ক্ষেত্রে বালুরঘাটে যাতায়াত অনেক সময়ই সমস্যার হয়ে দাঁড়াত। সাধারণ মানুষের সেই অসুবিধার কথা মাথায় রেখেই জেলার অপেক্ষাকৃত মধ্যবর্তী এলাকা গঙ্গারামপুরে সাংসদ কার্যালয় চালু করা হলো বলে জানা গেছে।নতুন এই কার্যালয় চালু হওয়ায় গঙ্গারামপুর তো বটেই, জেলার বিভিন্ন প্রান্তের মানুষ নিজেদের অভাব-অভিযোগ, এলাকার উন্নয়নমূলক দাবি, সরকারি পরিষেবা সংক্রান্ত সমস্যা এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয় নিয়ে সাংসদের দফতরে সরাসরি যোগাযোগ করার সুযোগ পাবেন।স্থানীয়দের মতে, জেলার সদর শহর বালুরঘাটে সাংসদ কার্যালয় থাকার পাশাপাশি এবার গঙ্গারামপুরেও কার্যালয় চালু হওয়ায় সাংসদ পরিষেবা আরও বিকেন্দ্রীভূত হলো। এর ফলে জেলার দক্ষিণ ও মধ্যবর্তী এলাকার বহু মানুষের সময়, যাতায়াতের খরচ এবং হয়রানি—তিনটিই কমতে পারে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব ও কর্মী-সমর্থকরাও। পূজার্চনা ও যজ্ঞের মাধ্যমে নতুন কার্যালয়ের শুভ সূচনা করা হয়। এরপর ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয়ের কাজ শুরু করেন সাংসদ সুকান্ত মজুমদার।সাংসদ কার্যালয় থেকে সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তাঁদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া সংশ্লিষ্ট দপ্তরের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

