কেন্দ্রের সবুজ সংকেত, বদলাতে চলেছে উত্তর দিনাজপুর—দুটি নতুন রেলপথে ঐতিহাসিক অনুমোদন
তন্ময় চক্রবর্তী রায়গঞ্জ: উত্তর দিনাজপুর জেলার জন্য একের পর এক বড় উপহার নিয়ে এল কেন্দ্র সরকার। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি রাধিকাপুর থেকে ব্যাঙ্গালোরগামী নতুন ট্রেনের ঘোষণা করে জেলার রেল যোগাযোগে এক নতুন দিগন্ত খুলে দিয়েছেন। এই ট্রেন চালু হওয়ায় উত্তর দিনাজপুরের সঙ্গে দেশের দক্ষিণ ভারতের যোগাযোগ আরও সহজ ও সুদৃঢ় হয়েছে।এর পাশাপাশি আবারও জেলাবাসীর দীর্ঘদিনের দুই গুরুত্বপূর্ণ দাবিকেও মান্যতা দিয়েছে রেল মন্ত্রক। ডালখোলা থেকে রায়গঞ্জ নতুন রেলপথ এবং রায়গঞ্জ থেকে ভায়া ইটাহার গাজোল রেলপথ—এই দুই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

বহু বছর ধরে এই দুটি রেলপথের দাবি জানিয়ে আসছিলেন জেলার মানুষ, জনপ্রতিনিধি ও বিভিন্ন সংগঠন।রেল মন্ত্রকের এই সিদ্ধান্তকে উত্তর দিনাজপুরের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।নতুন রেলপথ চালু হলে জেলার যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত হবে, পাশাপাশি বাণিজ্য, শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দুয়ার খুলবে বলে আশা করা হচ্ছে।জেলাজুড়ে এই ঘোষণায় খুশির হাওয়া। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন মহল এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
জেলার মানুষ এই সাফল্যের জন্য রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল-এর ভূমিকার বিশেষ প্রশংসা করেছেন। পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে কৃতজ্ঞতা জানিয়েছেন জেলাবাসী।স্থানীয়দের বক্তব্য, এই রেল প্রকল্পগুলি বাস্তবায়িত হলে উত্তর দিনাজপুর জেলার দীর্ঘদিনের অবহেলিত যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে। কেন্দ্র সরকারের এই পদক্ষেপ উত্তর দিনাজপুরকে উন্নয়নের মূল স্রোতে আরও দৃঢ়ভাবে যুক্ত করবে বলেই মনে করছেন জেলার মানুষ।







