কালিয়াগঞ্জ ব্লকের প্রশাসনিক বৈঠকে গ্রামোন্নয়নে জোর, পঞ্চায়েতগুলিকে দিলেন দ্রুত কাজের বার্তা

কালিয়াগঞ্জ বিধানসভার সামগ্রিক উন্নয়নের ধারাকে আরও গতিশীল ও শক্তিশালী করতে প্রশাসনের বিভিন্ন আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন নবনির্বাচিত বিধায়ক উৎপল মহারাজ। সোমবার  কালিয়াগঞ্জ সমষ্টি উন্নয়ন অফিসের সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠককে ঘিরে প্রশাসনিক মহলে যথেষ্ট উৎসাহ ও ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়েছে।সভায় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও), কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও ব্লক প্রশাসনের একাধিক আধিকারিক। মূলত গ্রামীণ উন্নয়ন, পরিকাঠামো বৃদ্ধি, সরকারি প্রকল্পের দ্রুত বাস্তবায়ন এবং সাধারণ মানুষের পরিষেবা আরও সহজ ও স্বচ্ছভাবে পৌঁছে দেওয়ার বিষয়েই বিস্তারিত আলোচনা হয়।বৈঠকে উৎপল মহারাজ স্পষ্ট বার্তা দেন যে, কালিয়াগঞ্জের উন্নয়নের গতি কোনওভাবেই থেমে থাকতে দেওয়া যাবে না।

প্রতিটি গ্রাম পঞ্চায়েতে রাস্তা, পানীয় জল, আলো, স্বাস্থ্য পরিষেবা, কৃষি ও সামাজিক উন্নয়নের কাজ আরও দ্রুততার সঙ্গে সম্পন্ন করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি।পাশাপাশি প্রশাসন ও

জনপ্রতিনিধিদের সমন্বয় রেখে কাজ করার আহ্বান জানান।তিনি বলেন, সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব। তাই উন্নয়নের কাজ যেন কাগজে-কলমে সীমাবদ্ধ না থেকে বাস্তবে মানুষের কাছে পৌঁছায়, সেদিকেই নজর রাখতে হবে। প্রতিটি এলাকায় মানুষের সমস্যা দ্রুত সমাধানের জন্যও প্রশাসনিক আধিকারিকদের সক্রিয় ভূমিকা নেওয়ার পরামর্শ দেন তিনি।সভা শেষে ব্লক প্রশাসন ও পঞ্চায়েত প্রধানদের তরফে জানানো হয়, এই বৈঠক অত্যন্ত ফলপ্রসূ ও প্রাণবন্ত হয়েছে। আগামী দিনে কালিয়াগঞ্জ ব্লকে উন্নয়নের নতুন দিশা দেখাতে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন প্রশাসনিক কর্তারা।রাজনৈতিক মহলের মতে, নবনির্বাচিত বিধায়ক হিসেবে শুরু থেকেই উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা নিয়ে উৎপল মহারাজ স্পষ্ট করে দিয়েছেন যে, কালিয়াগঞ্জের সামগ্রিক অগ্রগতিই তাঁর মূল লক্ষ্য।