কালিয়াগঞ্জ বিধানসভায় নজিরবিহীন ভোটদান: ৯৫.৪৩% উপস্থিতি ঘিরে তীব্র রাজনৈতিক তাৎপর্য

তন্ময় চক্রবর্তী  :-উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে এবারের নির্বাচনে ভোটদানের হার পৌঁছল চমকপ্রদ ৯৫.৪৩ শতাংশে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের এই বিপুল অংশগ্রহণ ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এত উচ্চ শতাংশে ভোট পড়া শুধুমাত্র সংখ্যার বিচারে নয়, এর অন্তর্নিহিত রাজনৈতিক বার্তাও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল থেকেই বিভিন্ন বুথে লম্বা লাইন লক্ষ্য করা যায়।

প্রবল গরম কিংবা অন্যান্য প্রতিকূলতা উপেক্ষা করে নারী-পুরুষ নির্বিশেষে ভোটারদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য, যা ভোটের চূড়ান্ত শতাংশ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে মনে করা হচ্ছে।এই বিপুল ভোটদানের হারকে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। কালিয়াগঞ্জের বিজেপি নেতা গৌরাঙ্গ দাস বলেন, “এবার যে সংখ্যক মানুষ যেভাবে নিজের মতামত ভোটের মাধ্যমে দিতে পেরেছে, তা সত্যিই নজিরবিহীন। সাধারণ মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। যেভাবে জনজোয়ার বিজেপির প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা বেড়েছে, তাতে এবার কালিয়াগঞ্জে সমস্ত পুরনো রেকর্ড ভেঙে দেবে বিজেপি। বিজেপির রেকর্ড এবার বিজেপিই ভাঙবে—এ নিয়ে কোনও সন্দেহ নেই।”অন্যদিকে, কালিয়াগঞ্জ তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি সুজিত সরকার সম্পূর্ণ ভিন্ন সুরে দাবি করেছেন, “এবারের ভোটে কালিয়াগঞ্জের মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। দিদির উন্নয়ন এবার ভোট বাক্সে প্রতিফলিত হবে এবং এই আসন তৃণমূল কংগ্রেসের দখলেই যাবে।” তিনি আরও বলেন, “প্রতিবার বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয় যে কালিয়াগঞ্জে তৃণমূল সন্ত্রাস করে ভোট করায়। কিন্তু এবারের ভোটেই মানুষ প্রমাণ করে দিয়েছে, এখানে কোনও সন্ত্রাস হয় না—মানুষ স্বাধীনভাবেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।”নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, গোটা প্রক্রিয়া মোটের উপর শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে এবং কোথাও বড় ধরনের অশান্তির খবর পাওয়া যায়নি। যদিও কিছু বিচ্ছিন্ন অভিযোগ সামনে এসেছে, তবে সামগ্রিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল বলেই প্রশাসনের দাবি।রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, ৯৫ শতাংশের বেশি ভোট পড়া সাধারণত একটি ‘হাই-স্টেক’ নির্বাচনের ইঙ্গিত দেয়, যেখানে ভোটাররা নিজেদের মতামত স্পষ্টভাবে জানাতে চান। এই ধরনের পরিস্থিতিতে ফলাফল প্রায়শই চমকপ্রদ হতে পারে, কারণ নীরব ভোটারদের বড় অংশ সক্রিয় হয়ে ওঠেন।এখন সকলের নজর ফলাফলের দিকে। এত বিপুল ভোটদানের পর কালিয়াগঞ্জের রায় কোন দিকে যায়, সেটাই এখন দেখার বিষয়। তবে একথা নিশ্চিত, ৯৫.৪৩ শতাংশ ভোট পড়ে এই কেন্দ্র ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ নজির তৈরি করেছে।