“কালিয়াগঞ্জে শাহ ঝড়: ভোটের আগে জনস্রোতে ভাসল শহর, তৃণমূলকে কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর”
তন্ময় চক্রবর্তী :- উত্তর দিনাজপুর জেলায় আসন্ন ভোটকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। আগামী ২৩ এপ্রিল ভোটগ্রহণ এবং ৪ মে ফলাফল ঘোষণার আগে হাতে গোনা কয়েকটি দিন বাকি থাকতেই জোরকদমে প্রচারে নেমেছে সমস্ত রাজনৈতিক দল। এই আবহেই জেলার অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র কালিয়াগঞ্জে নজরকাড়া রোড শো করলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি প্রার্থী উৎপল মহারাজের সমর্থনে।

শাহের আগমনকে ঘিরে এদিন কার্যত জনসমুদ্রে পরিণত হয় কালিয়াগঞ্জ শহর। সুকান্ত মোড় থেকে বিবেকানন্দ মোড় পর্যন্ত রাস্তার দু’ধারে উপচে পড়া ভিড়—হাজার হাজার মানুষ শুধু একঝলক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখার আশায় ভিড় জমায়। রোড শো-তে সরাসরি অংশগ্রহণকারীদের পাশাপাশি পথের ধারে দাঁড়িয়ে থাকা মানুষের ঢল প্রমাণ করে দেয় নির্বাচনের আগে এই সভার গুরুত্ব কতটা।

হেলিপ্যাডে নামার পর থেকেই হাত নেড়ে জনতাকে শুভেচ্ছা জানান অমিত শাহ। তাঁর উপস্থিতিতে গোটা এলাকা যেন রাজনৈতিক উন্মাদনায় ফেটে পড়ে। এদিনের রোড শো-তে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালও।রাজনৈতিক মহলের মতে, গত বিধানসভা নির্বাচনের মতোই এবারও শেষ মুহূর্তে শাহের এই প্রচার বিজেপির পক্ষে বড় প্রভাব ফেলতে পারে। উল্লেখ্য, আগের নির্বাচনে তাঁর প্রচারের পরই কালিয়াগঞ্জ আসনে বিজেপির জয় আসে।রোড শো চলাকালীন এক বেসরকারি সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে অমিত শাহ তৃণমূল কংগ্রেসকে কড়া আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, প্রতি নির্বাচনে ভোটারদের ভয় দেখানোর চেষ্টা করে তৃণমূল, তবে এবার সেই সময় শেষ। তাঁর কথায়, “দিদির আসন ছাড়ার সময় এসে গিয়েছে। রাজ্যে আর ভয় দেখিয়ে রাজনীতি চলবে না।”এছাড়াও তিনি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, সিবিআই ও ইডি নিয়ে অভিযোগ তোলার পাশাপাশি এদিনের বিশাল জনসমাগম নিয়েও প্রশ্ন তোলেন—“এই হাজার হাজার মানুষ কি তবে সিবিআই বা ইডি পাঠিয়েছে?”পাশাপাশি ‘ভাইপো প্রসঙ্গ’ টেনে তিনি কটাক্ষ করেন, মুখ্যমন্ত্রী পরিবারতন্ত্রে আচ্ছন্ন হয়ে পড়েছেন এবং যেভাবেই হোক ভাইপোকে প্রতিষ্ঠা করতে চাইছেন, তবে তা সফল হবে না বলেই দাবি তাঁর।সব মিলিয়ে ভোটের আগে কালিয়াগঞ্জে অমিত শাহের এই রোড শো রাজনৈতিকভাবে বড় বার্তা দিয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এখন দেখার, এই জনসমাগম ও প্রচারের ঝড় ভোটের বাক্সে কতটা প্রভাব ফেলে।
