কালিয়াগঞ্জে তৃণমূলের ‘খেলা হবে’ কর্মসূচি, মহিলাদের অংশগ্রহণে উৎসবের আবহ

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর, ৭ মার্চ: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করতে কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল ‘খেলা হবে’ জনসংযোগ কর্মসূচি। শুক্রবার বিকেলে কালিয়াগঞ্জ শহরের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচিতে মহিলাদের ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।শহরের ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের মহিলাদের নিয়ে পার্বতী সুন্দরী মাঠে বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

একই সময়ে ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডের মহিলাদের নিয়ে কালিয়াগঞ্জের মারোয়ারি পাড়ায় অবস্থিত গিন্নী দেবী হিন্দি হাই স্কুলের মাঠেও একই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়।কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিশিষ্ট আইনজীবী সুজিত সরকারের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে মহিলাদের জন্য হাড়িভাঙা দৌড়, মিউজিকাল চেয়ার ও শঙ্খধ্বনি প্রতিযোগিতার মতো বিভিন্ন আকর্ষণীয় খেলার ব্যবস্থা করা হয়।

প্রতিযোগিতায় অংশ নিয়ে মহিলারা উচ্ছ্বাস ও উৎসাহের সঙ্গে অনুষ্ঠান উপভোগ করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা বিশ্বজিৎ কুণ্ড, পৌরসভার প্রবীণ কমিশনার বসন্ত রায়, উপ-পৌরপ্রধান জয়া বর্মন সহ শহরের একাধিক কমিশনার ও তৃণমূল নেতৃত্ব।

এই প্রসঙ্গে তৃণমূল শহর সভাপতি সুজিত সরকার জানান, “বিধানসভা নির্বাচন দুয়ারে। তাই সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং তৃণমূলের ভোটব্যাঙ্ককে মজবুত করতে শহর ও গ্রামাঞ্চলে মহিলাদের নিয়ে বিভিন্ন ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হচ্ছে। এতে মহিলাদের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।”কর্মসূচিকে ঘিরে এলাকায় রাজনৈতিক মহলেও যথেষ্ট আগ্রহ ও আলোচনা লক্ষ্য করা যায়।