কালিয়াগঞ্জে এবার বদলাবে বেহাল রাস্তার চেহারা! ৫৪টি রাস্তা সংস্কারে বরাদ্দ ১০ কোটি ৫৭ লক্ষ টাকা

তন্ময় চক্রবর্তী :-দীর্ঘদিনের বেহাল রাস্তার দুর্ভোগ এবার কি তবে কাটতে চলেছে কালিয়াগঞ্জ শহরবাসীর? শহরের অলিগলি থেকে গুরুত্বপূর্ণ রাজপথ—বেহাল হয়ে পড়া একের পর এক রাস্তার চেহারা বদলাতে বড়সড় উদ্যোগ নিতে চলেছে কালিয়াগঞ্জ পৌরসভা।

 

জানা গিয়েছে, পৌরসভার অধীনে ছোট-বড় মিলিয়ে মোট ৫৪টি রাস্তার কাজ খুব শীঘ্রই শুরু হতে চলেছে। আর এই রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ হয়েছে প্রায় ১০ কোটি ৫৭ লক্ষ ১৮ হাজার ৭৪৯ টাকা।রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর কালিয়াগঞ্জ পৌরসভাতেও এসেছে পরিবর্তন। তৃণমূল পরিচালিত পৌর বোর্ডের পৌরপতি বিশ্বজিৎ কুন্ডু পদত্যাগ করার পর একসময় সাংবিধানিক জটিলতার মধ্যে পড়েছিল কালিয়াগঞ্জ পৌরসভা। পরবর্তীতে বিজেপি পরিচালিত পৌরসভায় রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। এরপরই শহরের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে বলে পৌরসভা সূত্রে জানা যাচ্ছে।কালিয়াগঞ্জ শহরের রাস্তাঘাটের বেহাল দশা নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ রয়েছে সাধারণ মানুষের মধ্যে। বর্ষায় কোথাও বড় বড় গর্ত, কোথাও ভাঙাচোরা রাস্তা—ফলে পথ চলাই দুর্বিষহ হয়ে উঠেছে। বিশেষ করে কালিয়াগঞ্জ বিবেকানন্দ মোড় থেকে স্টেট জেনারেল হাসপাতাল পর্যন্ত রাস্তাটির অবস্থা নিয়ে শহরবাসীর দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, এই রাস্তা দিয়ে অসুস্থ রোগী কিংবা গর্ভবতী মহিলাকে টোটোয় করে হাসপাতালে নিয়ে যাওয়াও অনেক সময় অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে।এবার সেই সমস্যার স্থায়ী সমাধানের আশায় বুক বাঁধছেন শহরবাসী। কালিয়াগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম বিশ্বাস জানান, পৌরপতির দায়িত্ব নেওয়ার পর কার্তিক চন্দ্র পাল প্রথমেই শহরের বেহাল রাস্তাগুলির উন্নয়নের জন্য অর্থের ব্যবস্থা করার উদ্যোগ নেন। তাঁর দাবি, মোট ৫৪টি রাস্তার কাজ খুব শীঘ্রই শুরু হবে।তবে এবারের রাস্তা সংস্কারে থাকছে কিছুটা অভিনবত্বও। কাউন্সিলর গৌতম বিশ্বাসের বক্তব্য অনুযায়ী, বহু ক্ষেত্রে পুরনো পিচের রাস্তার পরিবর্তে পেভার ব্লক দিয়ে রাস্তা নির্মাণ করা হবে। এর ফলে রাস্তার স্থায়িত্ব যেমন বাড়বে, তেমনই শহরের সৌন্দর্যও অনেকটাই বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।দীর্ঘদিন ধরে রাস্তার দুরবস্থার কারণে যাঁরা প্রতিদিন সমস্যায় পড়ছেন, তাঁদের কাছে এই খবর স্বাভাবিকভাবেই স্বস্তির। শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা নতুন করে তৈরি হলে যান চলাচল যেমন সহজ হবে, তেমনই হাসপাতাল, বাজার, স্কুল-কলেজ ও অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় যাতায়াতের ক্ষেত্রেও সাধারণ মানুষের দুর্ভোগ কমবে।কার্তিক চন্দ্র পালকে একসময় কালিয়াগঞ্জ শহরের ‘রূপকার’ হিসেবে অভিহিত করা হত। তাঁর আমলে শহরের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা এখনও অনেকের মুখে মুখে ফেরে। তাই তিনি ফের পৌরসভার দায়িত্ব নেওয়ার পর শহরবাসীর প্রত্যাশাও বেড়েছে। এবার ৫৪টি রাস্তার কাজ বাস্তবায়িত হলে সেই প্রত্যাশা কতটা পূরণ হয়, সেদিকেই তাকিয়ে কালিয়াগঞ্জবাসী।পৌরসভা সূত্রে জানা গিয়েছে, ১০ কোটি ৫৭ লক্ষ ১৮ হাজার ৭৪৯ টাকা ব্যয়ে এই বৃহৎ রাস্তা সংস্কার প্রকল্প বাস্তবায়িত হলে শহরের চেহারায় বড়সড় পরিবর্তন আসতে পারে। অলিগলি থেকে রাজপথ—ধাপে ধাপে ঝাঁ চকচকে রাস্তার দিকে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে কালিয়াগঞ্জ।এখন শহরবাসীর একটাই অপেক্ষা—কবে শুরু হবে সেই ৫৪টি রাস্তার কাজ, আর কবে বাস্তবে বদলাবে কালিয়াগঞ্জের বেহাল রাস্তার চেহারা?