করণদিঘীতে মহিলাদের স্বনির্ভরতার পথে বড় পদক্ষেপ

বিপিসিএলের সহায়তায় ডালখোলায় সেলাই মেশিন বিতরণ, উপস্থিত রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল

ডালখোলা, উত্তর দিনাজপুর:উত্তর দিনাজপুর জেলার করণদিঘী বিধানসভার মহিলাদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে বৃহস্পতিবার ডালখোলায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারত সরকারের পেট্রোলিয়াম মন্ত্রকের অধীনস্থ ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল)-এর সহায়তায় এই অনুষ্ঠানে মহিলাদের সেলাই মেশিন প্রদান করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল।

তিনি নিজ হাতে মহিলাদের মধ্যে সেলাই মেশিন তুলে দেন। এই কর্মসূচিকে ঘিরে মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উন্মাদনা লক্ষ্য করা যায়।সেলাই মেশিন পেয়ে মহিলারা জানান, এই উদ্যোগ তাঁদের জীবনে বিশেষভাবে সহায়ক হবে। এর মাধ্যমে তাঁরা ঘরে বসেই রোজগারের সুযোগ পাবেন এবং আগামী দিনে আর্থিকভাবে স্বনির্ভর হয়ে উঠতে পারবেন। তাঁরা এই মানবিক উদ্যোগের জন্য ভারত সরকার ও বিপিসিএল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।স্থানীয় সূত্রে জানা গেছে, ভবিষ্যতেও এই ধরনের দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে আরও বেশি সংখ্যক মহিলাকে স্বনির্ভর করে তোলার পরিকল্পনা রয়েছে।