“এটা রাস্তা, না পুকুর? মালগাঁও–কুনোর সড়কে নিত্যযাত্রীদের দুর্ভোগ চরমে, অবিলম্বে সংস্কারের দাবি“
তন্ময় চক্রবর্তী দেখলে মনে হবে যেন জলভর্তি কোনও পুকুর। অথচ এটাই উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের কার্পেট নগরী মালগাঁও থেকে কুনোর পর্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগকারী রাস্তা। বড় বড় গর্ত, কাদা আর হাঁটুসমান জমে থাকা জলে কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এই সড়ক। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে প্রতিদিন কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিয়ে যাতায়াত করছেন।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহু বছর ধরে এই রাস্তা সংস্কারের দাবিতে প্রশাসনের কাছে একাধিকবার আবেদন জানানো হলেও স্থায়ী কোনও সমাধান মেলেনি। অতীতে রাস্তা নির্মাণের আশ্বাস মিললেও বাস্তবে কাজের অগ্রগতি দেখা যায়নি।

এমনকি রাস্তা সংস্কারের অনুমোদন হয়েছিল বলেও এলাকাবাসীর দাবি, কিন্তু অজ্ঞাত কারণে সেই কাজ আর শুরু হয়নি।বর্ষা নামতেই পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। রাস্তার বিভিন্ন অংশে হাঁটুসমান জল জমে থাকায় কোথায় গর্ত আর কোথায় রাস্তা, তা বোঝাই দুষ্কর। ফলে প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কা নিয়েই চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। স্কুল-কলেজের পড়ুয়া, কর্মজীবী, কৃষক, ব্যবসায়ী—সকলেই এই ভাঙাচোরা রাস্তার কারণে চরম ভোগান্তির শিকার।গ্রামবাসীদের বক্তব্য, জরুরি রোগী বা প্রসূতি মাকে টোটো কিংবা ছোট গাড়িতে হাসপাতালে নিয়ে যাওয়াও অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। রাস্তার প্রচণ্ড ঝাঁকুনিতে যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।স্থানীয় বাসিন্দা গুল মোহাম্মদ বলেন,“বিগত কয়েক বছর ধরে রাস্তার একই অবস্থা। প্রশাসনের আধিকারিকরা প্রায় প্রতিদিন এই পথ দিয়ে যাতায়াত করলেও রাস্তার দুর্দশা যেন তাঁদের চোখেই পড়ে না। সাধারণ মানুষ চরম দুর্ভোগে থাকলেও কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।“আরেক বাসিন্দা মুজাহেদুর রহমান বলেন,“মালগাঁও থেকে কুনোরই নয়, রায়গঞ্জমুখী অংশেরও একই অবস্থা। প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা ব্যবহার করেন, অথচ সংস্কারের কোনও উদ্যোগ নেই।“প্রবীণ বাসিন্দা মুফাজ উদ্দিন জানান,“আমার মতো বয়স্ক মানুষের এই রাস্তা দিয়ে চলাফেরা করা খুবই কষ্টকর। বড় গাড়ি পাশ দিয়ে গেলে প্রাণ হাতে করে সরে দাঁড়াতে হয়। বর্ষায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।“এলাকাবাসীদের অভিযোগ, এই রাস্তা শুধু একটি গ্রামের নয়, আশপাশের বহু এলাকার মানুষের নিত্যদিনের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। অথচ বছরের পর বছর ধরে সংস্কার না হওয়ায় জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে।এদিকে এলাকার পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধির স্বামী ইমরান চৌধুরী বলেন,“রাস্তাটি দীর্ঘদিন ধরেই অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। এর ফলে গ্রামবাসীরা প্রতিনিয়ত সমস্যার মুখোমুখি হচ্ছেন। প্রশাসনের অবিলম্বে এই রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া উচিত।“স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে অবিলম্বে মালগাঁও থেকে কুনোর পর্যন্ত রাস্তার সংস্কারের কাজ শুরু করা হোক। তাঁদের বিশ্বাস, দ্রুত রাস্তা মেরামত হলে শুধু যোগাযোগ ব্যবস্থাই স্বাভাবিক হবে না, হাজার হাজার মানুষের নিত্যদিনের ভোগান্তিরও অবসান ঘটবে।

