এক টুকরো ছোলার ডালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী!
নদিয়া : শিল্প মানেই কল্পনার অসাধারণ প্রকাশ। আর সেই শিল্প যখন এক টুকরো ছোলার ডালের উপর জীবন্ত হয়ে ওঠে, তখন তা নিঃসন্দেহে হয়ে ওঠে বিস্ময়ের বিষয়। নদিয়ার রানাঘাট রামনগরের বাসিন্দা ৬৫ বছরের শিল্পী মানিক দেবনাথ এমনই এক অভিনব শিল্পকর্ম সৃষ্টি করে এখন চর্চার কেন্দ্রে।

একটি ছোট্ট ছোলার ডালের উপর সূক্ষ্ম কারুকার্যের মাধ্যমে তিনি ফুটিয়ে তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতিকৃতি। শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় ক্ষুদ্র সেই ডাল যেন হয়ে উঠেছে এক অনন্য ক্যানভাস।মানিক দেবনাথ বরাবরই শুভেন্দু অধিকারীর অনুরাগী। শিল্পীর কথায়,“আমার আত্মবিশ্বাস ছিল এবারের নির্বাচনে বাংলায় বিজেপি সরকার গঠন করবে এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবেন। সেই বিশ্বাস বাস্তবে পরিণত হয়েছে। তাই আমার শিল্পকলার মাধ্যমে তাঁকে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।”জানা গিয়েছে, ক্ষুদ্র শিল্পকলার জন্য দীর্ঘদিন ধরেই পরিচিত মানিক দেবনাথ। তাঁর তৈরি শিল্পকর্ম ইতিমধ্যেই দেশ ছাড়িয়ে বিদেশেও পৌঁছে গিয়েছে। এমনকি রাশিয়ার একটি মিউজিয়ামেও স্থান পেয়েছে তাঁর শিল্প। এর আগেও তাঁর হাতে ফুটে উঠেছে প্রাক্তন রাজ্যপাল, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের প্রতিকৃতি।তবে এবার এক টুকরো ছোলার ডালের উপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতিচ্ছবি তৈরি করে নতুন করে প্রশংসা কুড়িয়েছেন এই প্রবীণ শিল্পী।শিল্পীর মতে,“৩৪ বছরের বাম শাসন ও ১৫ বছরের তৃণমূল সরকারের পর এই প্রথম বাংলায় বিজেপি ক্ষমতায় এসেছে। তাই এই রাজনৈতিক পরিবর্তনের সময়টাকে স্মরণীয় করে রাখতেই এই বিশেষ শিল্পকর্ম তৈরি করেছি।”মানিক দেবনাথের এই অভিনব শিল্পসৃষ্টিকে ইতিমধ্যেই সাধুবাদ জানিয়েছেন নদিয়া জেলা বিজেপি নেতৃত্ব সহ বহু শিল্পপ্রেমী মানুষ। ক্ষুদ্র শিল্পের মাধ্যমে বড় বার্তা দেওয়ার এই প্রচেষ্টা এখন জেলার গর্ব হয়ে উঠেছে।
