একটু সাহায্যেই বাঁচতে পারে সারুফার জীবন! ১০ লক্ষ টাকার চিকিৎসা খরচ জোগাড়ে পথে ইটাহারের যুবকরা

“আপনার একটু সাহায্য একটি জীবন বাঁচাতে পারে”—এই বার্তাকে সামনে রেখে অসহায় সারুফা খাতুনের পাশে দাঁড়ালেন ইটাহারের একদল যুবক। দীর্ঘদিন ধরে হিপ জয়েন্টের জটিল রোগে আক্রান্ত সারুফার চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ১০ লক্ষ টাকা। কিন্তু আর্থিক অনটনের কারণে সেই চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। ছোট্ট মেয়েকে নিয়ে সংসার চালানো গৃহশিক্ষিকা সারুফা এখন কার্যত অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।ইটাহার পঞ্চায়েতের অন্তর্গত ঘেরা গ্রামের বাসিন্দা সারুফা খাতুন দীর্ঘদিন ধরে হিপ জয়েন্টের সমস্যায় ভুগছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত চিকিৎসার প্রয়োজন হলেও বিপুল অর্থের প্রয়োজন হওয়ায় থমকে রয়েছে চিকিৎসা।

এই পরিস্থিতিতে সারুফার পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন ইটাহার শহরের কয়েকজন যুবক।মনোতোষ রায়, বিকি সরকার, রুদ্র দাস, মোস্তাফিজুর রহমান, সারুক হোসেন ও উত্তম প্রামাণিক-সহ একদল যুবক শহরের রাস্তায় নেমে অর্থ সংগ্রহ করছেন। পথচলতি সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন দোকানে গিয়ে তাঁরা সারুফার চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানাচ্ছেন।যুবকদের আবেদন, সামর্থ্য অনুযায়ী মানুষের সামান্য সহযোগিতাও সারুফার চিকিৎসার জন্য বড় সহায়তা হয়ে উঠতে পারে। তাঁদের কথায়, একটি পরিবারের একমাত্র আশার আলো সারুফা। তাঁকে সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা অত্যন্ত জরুরি।ছোট্ট মেয়েকে নিয়ে নতুন করে জীবন শুরু করার স্বপ্ন দেখছেন সারুফা। সেই স্বপ্ন পূরণে এখন মানুষের সাহায্যের দিকেই তাকিয়ে পরিবারটি। ইটাহারের যুবকদের এই উদ্যোগ তাই শুধু অর্থ সংগ্রহ নয়, একজন অসহায় মায়ের জীবনে ফের আশার আলো জ্বালানোর মানবিক প্রচেষ্টা।