আশা কর্মীদের মুখে হাসি, ভাতা বাড়িয়ে বড় উপহার! মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দনে মিষ্টিমুখ কালিয়াগঞ্জে
তন্ময় চক্রবর্তী রাজ্য সরকারের বাজেটে আশা কর্মীদের ভাতা একলাফে ৫,০০০ টাকা বৃদ্ধি করার ঘোষণায় খুশির জোয়ার বইছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে। বুধবার কালিয়াগঞ্জ পৌরসভা চত্বরে আশা কর্মীরা একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ উদযাপন করেন এবং রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।আশা কর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে তাঁরা স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে আসছেন।
ভাতা বৃদ্ধির এই সিদ্ধান্ত তাঁদের কর্মজীবনে নতুন উদ্দীপনা ও স্বীকৃতি এনে দিয়েছে।কালিয়াগঞ্জের আশা কর্মী সুনন্দা রায় বলেন, “নতুন বিজেপি সরকার নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করেছে। আমরা ভাবতেও পারিনি যে একবারে ৫,০০০ টাকা ভাতা বৃদ্ধি করা হবে।
এর জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই।”তিনি আরও বলেন, “এই সিদ্ধান্ত আমাদের কাজের উৎসাহ বাড়িয়ে দিয়েছে। একইসঙ্গে মানুষের স্বাস্থ্য পরিষেবার প্রতি আমাদের দায়িত্বও আরও বেড়ে গেল। সরকার আমাদের কথা ভেবেছে, তাই আমরাও মানুষের পাশে থেকে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”অন্যান্য আশা কর্মীরাও জানান, ভাতা বৃদ্ধির ফলে তাঁদের পারিবারিক আর্থিক অবস্থার উন্নতি হবে এবং সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে অনেকটাই সুবিধা হবে। পাশাপাশি সাধারণ মানুষের কাছে আরও উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে তাঁরা আগের চেয়ে বেশি আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন বলেও জানান।

