“আত্মতুষ্টিতে ভুগলে চলবে না, লড়াই হবে কঠিন”— কর্মীদের সতর্ক করলেন বিধায়ক সৌমেন রায়
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর | ১১ ফেব্রুয়ারিআসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠন আরও মজবুত করতে কালিয়াগঞ্জে বিজেপির মণ্ডলভিত্তিক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হল। সম্প্রতি কালিয়াগঞ্জ ব্লকের ধনকোল অঞ্চলের বালাস রবীন্দ্র বিদ্যাপীঠ বিদ্যালয় প্রাঙ্গণে বিজেপির ১ নম্বর মণ্ডলের উদ্যোগে এই বৈঠক আয়োজন করা হয়।বিজেপির ১ নম্বর মণ্ডল সভাপতি তারিণী রায়ের নেতৃত্বে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়, বিজেপির জেলা নেতৃত্ব কমল সরকার সহ দলের একাধিক নেতা-কর্মী।
বৈঠকে মূলত বুথভিত্তিক ভোট প্রস্তুতি, সংগঠনকে আরও চাঙ্গা করা এবং নির্বাচন সংক্রান্ত বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সৌমেন রায় দলের কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দেন। তিনি বলেন,“আমাদের বিজেপির কর্মীরা যেন কোনওভাবেই আত্মতুষ্টিতে না ভোগেন। সামনে লড়াই সহজ নয়।”তিনি আরও বলেন,“তৃণমূল কংগ্রেস এবার রাজ্য ছেড়ে যাওয়ার আগে মরণ কামড় দেবে। তাই আমাদের এখন থেকেই নির্বাচনের ময়দানে নেমে পড়তে হবে। বুথ স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।”বিধায়ক সৌমেন রায় কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মানুষের কাছে পৌঁছনোর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কাজ তুলে ধরার আহ্বান জানান।এদিনের বৈঠকে জেলা নেতৃত্ব কমল সরকারও সংগঠনকে আরও সক্রিয় করার উপর জোর দেন। তিনি বলেন, প্রতিটি বুথে কর্মীদের দায়িত্বশীল ভূমিকা ও জনসংযোগই বিজেপির সাফল্যের চাবিকাঠি।সাংগঠনিক বৈঠক শেষে দলীয় কর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা লক্ষ্য করা যায়। আগামী দিনে কালিয়াগঞ্জে বিজেপির রাজনৈতিক তৎপরতা আরও বাড়বে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।



![]()
