অকালেই নিভে গেল এক প্রতিভা: ২৯ বছর বয়সী নাট্যকর্মী গৌরাঙ্গ পালের প্রয়াণে কালিয়াগঞ্জে শোকের ছায়া


তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ | উত্তর দিনাজপুর | ২২ ফেব্রুয়ারি রবিবার সকালে কালিয়াগঞ্জ শহরের তরুণ নাট্যকর্মী গৌরাঙ্গ পালের অকাল প্রয়াণে গোটা শহর জুড়ে নেমে আসে গভীর শোকের ছায়া। মাত্র ২৯ বছর বয়সে এমন এক প্রতিভাবান শিল্পীর চলে যাওয়া মানতে পারছেন না পরিবার, সহকর্মী ও ক্রীড়া–সংস্কৃতিপ্রেমী মানুষজন।জানা যায়, গত পরশু কলকাতার একটি মঞ্চে নাটক পরিবেশন করে বাড়ি ফেরেন গৌরাঙ্গ পাল।

কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্রগঞ্জে নিজের বাড়িতে ফেরার পর হঠাৎই তাঁর শারীরিক অসুস্থতা দেখা দেয় এবং সুগারের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। রবিবার সকালে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। কিন্তু চিকিৎসা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।গৌরাঙ্গের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ছুটে আসেন শহরের বিভিন্ন নাট্য সংস্থার নাট্যকর্মীরা। অশ্রুসজল চোখে প্রিয় সহকর্মীকে শেষ শ্রদ্ধা জানান তাঁরা। বিকেল প্রায় চারটে নাগাদ গৌরাঙ্গ পালের মরদেহ বাড়িতে আনা হলে সেখানেও তাঁকে একনজর দেখার জন্য ভিড় জমান অসংখ্য মানুষ।স্থানীয় সূত্রে জানা যায়, গৌরাঙ্গ পাল কালিয়াগঞ্জ শহরের যাত্রিক নাট্য গোষ্ঠী, অনন্যা থিয়েটার, বিচিত্রা সহ একাধিক নাট্য সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। অতি অল্প সময়ের মধ্যেই নিজের অভিনয় দক্ষতা ও মিষ্টি ব্যবহারের জন্য নাট্যজগতে আলাদা পরিচিতি গড়ে তুলেছিলেন তিনি। তাঁর হাসিমুখ, বন্ধুবৎসল স্বভাব এবং মঞ্চের প্রতি অগাধ ভালোবাসা আজ সকলের স্মৃতিতে অমলিন হয়ে থাকবে।একজন সম্ভাবনাময় নাট্যকর্মীর অকাল প্রয়াণে কালিয়াগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে যে শূন্যতা তৈরি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়—এমনটাই মত সহকর্মী ও শুভানুধ্যায়ীদের।