হারিয়ে যাওয়া ১৩৯টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল ইসলামপুর পুলিশ

সাধারণ মানুষের হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়ে মানবিকতার উজ্জ্বল নজির গড়ল ইসলামপুর পুলিশ জেলা। মঙ্গলবার বিকেলে ইসলামপুরের তিস্তা পল্লী এলাকায় জেলা পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন কনফারেন্স হলে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধার হওয়া ১৩৯টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার রাকেশ সিং–সহ জেলার অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। পুলিশ সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন থানায় হারিয়ে যাওয়া মোবাইল সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় এবং ধারাবাহিক তদন্তের মাধ্যমে এই মোবাইল ফোনগুলি উদ্ধার করা সম্ভব হয়েছে।

দীর্ঘদিন পর নিজের হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে স্বভাবতই খুশি মোবাইল মালিকরা। অনেকেই আশা ছেড়ে দিয়েছিলেন যে তাদের মোবাইল আর ফিরে পাওয়া সম্ভব নয়। কিন্তু পুলিশের তৎপরতায় সেই হারানো সম্পদ ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তারা। অনুষ্ঠানে উপস্থিত বহু মানুষ পুলিশ প্রশাসনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পুলিশ সুপার রাকেশ সিং জানান, সাধারণ মানুষের অভিযোগকে গুরুত্ব দিয়ে পুলিশ নিরন্তর কাজ করে চলেছে। হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া শুধু সম্পদ ফেরানো নয়, মানুষের আস্থা ও বিশ্বাসকে আরও মজবুত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

পুলিশের এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছেছে। প্রযুক্তিনির্ভর তদন্ত এবং পুলিশের সক্রিয় ভূমিকায় হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার হওয়ায় ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদী জেলার বাসিন্দারা।

উল্লেখ্য, এদিন একসঙ্গে ১৩৯টি হারিয়ে যাওয়া মোবাইল প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়ে ইসলামপুর পুলিশ জেলা সাধারণ মানুষের মনে আরও একবার নিজেদের জনবান্ধব মুখ তুলে ধরল।