সচেতনতাই সুরক্ষার প্রথম ধাপ’ — ডালিমগাঁও উচ্চ বিদ্যালয়ে কালিয়াগঞ্জ থানার সাইবার ও নারী সুরক্ষা সচেতনতা শিবির

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ, ২০ জুলাই:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার উদ্যোগে রবিবার ডালিমগাঁও উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল সাইবার ক্রাইম ও নারী সুরক্ষা সচেতনতা শিবির। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সামাজিক অপরাধ প্রতিরোধ এবং নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।শিবিরে উপস্থিত থেকে কালিয়াগঞ্জ থানার নবনিযুক্ত আইসি অভিজিৎ দত্ত সাইবার অপরাধ, নারী সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং মানব পাচার রোধে ছাত্রছাত্রীদের গুরুত্বপূর্ণ বার্তা দেন। তিনি বলেন, “শুধুমাত্র পুলিশের উপর নির্ভর করে এই ধরনের সামাজিক ব্যাধি দূর করা সম্ভব নয়। সমাজের প্রতিটি মানুষ, বিশেষ করে ছাত্রছাত্রীদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

“তিনি ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হতে হবে এবং প্রয়োজনে পরিবারের সদস্যদের আইনি দিক ও বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বোঝাতে হবে। একই সঙ্গে ছাত্রদের উদ্দেশ্যে তিনি মানব পাচারের মতো জঘন্য অপরাধ রুখতে সাহসিকতার সঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান।

 

গ্রামের কোথাও সন্দেহজনক কোনও ঘটনা নজরে এলে দ্রুত পুলিশকে জানিয়ে মানব পাচার প্রতিরোধে সক্রিয় ভূমিকা নেওয়ার পরামর্শ দেন তিনি।এছাড়াও আইসি অভিজিৎ দত্ত সাইবার প্রতারণা থেকে কীভাবে নিজেকে সুরক্ষিত রাখা যায়, অচেনা ফোনকল, ওটিপি, ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য বা সামাজিক মাধ্যমে প্রতারণার বিভিন্ন কৌশল সম্পর্কে ছাত্রছাত্রীদের সতর্ক করেন।অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনতোষ মোদক-সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের সামাজিক সচেতনতা বৃদ্ধিতে উৎসাহিত করেন এবং পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেন।সচেতনতা শিবির শেষে বনমহোৎসব উপলক্ষে বিদ্যালয়ের প্রাঙ্গণে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে বিদ্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়।অনুষ্ঠানে কালিয়াগঞ্জ থানার এসআই মধুরিমা দত্ত এবং এসআই শুভঙ্কর দে-সহ থানার অন্যান্য পুলিশকর্মীরাও উপস্থিত ছিলেন।এই সচেতনতা শিবির ছাত্রছাত্রীদের মধ্যে আইন, সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকদের অভিমত।