“সংবাদকর্মীদের হাতেই সবুজের বার্তা” — বিশ্ব পরিবেশ দিবসে জীবন রেখা হাসপাতালের ব্যতিক্রমী উদ্যোগ‘

 

তন্ময় চক্রবর্তী  :-বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আগামী ৫ জুন রায়গঞ্জে এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগের আয়োজন করেছে জীবন রেখা হাসপাতাল। পরিবেশ সংরক্ষণ এবং মাতৃসম্মানের বার্তা ছড়িয়ে দিতে হাসপাতালের পক্ষ থেকে আয়োজিত হচ্ছে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি “একটি গাছ মায়ের নামে”।শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিটে গোয়ালপাড়া এলাকায় (এসএসবি ক্যাম্পের পাশে) অনুষ্ঠিত হতে চলা এই কর্মসূচিতে জেলার সাংবাদিকদের শুধু সংবাদ সংগ্রহের জন্য নয়, বরং পরিবেশ রক্ষার এই মহৎ উদ্যোগের সক্রিয় অংশীদার হিসেবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, প্রধানমন্ত্রী ঘোষিত “একটি গাছ মায়ের নামে” কর্মসূচির ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

প্রত্যেক সাংবাদিককে তাঁদের মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক হিসেবে একটি করে গাছ রোপণের আমন্ত্রণ জানানো হয়েছে। গাছের চারা ও উপযুক্ত স্থান হাসপাতালের পক্ষ থেকেই সরবরাহ করা হবে।হাসপাতালের কর্ণধার ডা. শান্তনু দাস জানান, দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যম হাসপাতালের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে মানুষের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এবার সেই সাংবাদিকরাই পরিবেশ রক্ষার অভিযানে সরাসরি অংশ নিয়ে সমাজের সামনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবেন।এদিন বৃক্ষরোপণের পাশাপাশি একটি বিশেষ সাংবাদিক সম্মেলনেরও আয়োজন করা হয়েছে। সেখানে পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তা, সম্মিলিত উদ্যোগের গুরুত্ব এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।আয়োজকদের আশা, সাংবাদিকদের সক্রিয় অংশগ্রহণ এই উদ্যোগকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলবে এবং সাধারণ মানুষকেও পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে উৎসাহিত করবে।