শিক্ষক দিবসে বিশেষ সম্মান! জনগণনা ২০২৭-এর কাজে যুক্ত কালিয়াগঞ্জের শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা পৌরসভার
কালিয়াগঞ্জ, ৫ সেপ্টেম্বর: শিক্ষক দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল কালিয়াগঞ্জ পৌরসভা। জনগণনা ২০২৭-এর গুরুত্বপূর্ণ কাজে যুক্ত কালিয়াগঞ্জ পৌর এলাকার সমস্ত শিক্ষক ও শিক্ষিকাকে সম্মান জানিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। শিক্ষক দিবসের এই বিশেষ আয়োজনে শিক্ষক-শিক্ষিকাদের হাতে সম্মাননা তুলে দিয়ে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানানো হয় পৌরসভার পক্ষ থেকে।কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে এদিন পৌরসভা চত্বরে ছিল উৎসবের আবহ।

উপস্থিত শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে যেমন উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায়, তেমনই পৌরসভার বিভিন্ন কমিশনারদের মধ্যেও ছিল ব্যাপক উচ্ছ্বাস।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি তথা রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির কমিশনার বর্ণালী দাস, বিভাস সাহা, নন্দদুলাল দাস, পিয়ালী সাহা সহ অন্যান্যরা। পাশাপাশি বিরোধী কমিশনার ঈশ্বর রজক, বিজু কুন্ডু-সহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।জনগণনা দেশের প্রশাসনিক পরিকল্পনা ও নীতিনির্ধারণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। সেই গুরুত্বপূর্ণ কাজে শিক্ষক-শিক্ষিকাদের যুক্ত করার মাধ্যমে তাঁদের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে, তার স্বীকৃতি হিসেবেই এই সংবর্ধনা অনুষ্ঠান বলে পৌরসভার পক্ষ থেকে জানানো হয়।শিক্ষক দিবসের দিনেই তাঁদের সম্মানিত করায় অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক-শিক্ষিকাদের মধ্যেও দেখা যায় আনন্দ ও উৎসাহ। তাঁদের বক্তব্য, শিক্ষকতা শুধু শ্রেণিকক্ষের মধ্যেই সীমাবদ্ধ নয়—দেশ ও সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজেও শিক্ষকদের ভূমিকা রয়েছে। জনগণনা ২০২৭-এর মতো গুরুত্বপূর্ণ কাজে যুক্ত হওয়ার সুযোগ পাওয়াকে তাঁরা দায়িত্ব ও সম্মানের বিষয় হিসেবেই দেখছেন।অন্যদিকে, পৌরসভার জনপ্রতিনিধিরাও শিক্ষক-শিক্ষিকাদের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য তাঁদের অভিনন্দন জানান। একইসঙ্গে ভবিষ্যতেও সমাজ ও প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে শিক্ষক সমাজের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়।সবমিলিয়ে, শিক্ষক দিবসে জনগণনা ২০২৭-এর কাজে যুক্ত শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা অনুষ্ঠান কালিয়াগঞ্জে পেল এক বিশেষ মাত্রা। শিক্ষক ও জনপ্রতিনিধিদের মিলনমেলায় দিনভর ছিল উৎসাহ-উদ্দীপনার পরিবেশ।


