রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকে রায়গঞ্জের উন্নয়নে একাধিক দাবি সাংসদ কার্তিক চন্দ্র পালের, যাত্রী পরিষেবা ও পরিকাঠামো উন্নয়নে জোর

 

তপন চক্রবর্তী, রায়গঞ্জ:আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-এর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে গুরুত্বপূর্ণ বৈঠক করেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। বৈঠকে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন রেলওয়ে প্রকল্প, যাত্রী পরিষেবা সম্প্রসারণ, রেল পরিকাঠামোর আধুনিকীকরণ এবং দীর্ঘদিনের একাধিক জনদাবি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাংসদ কার্তিক চন্দ্র পাল রেলমন্ত্রীর কাছে রায়গঞ্জ লোকসভা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রেলস্টেশনের উন্নয়ন, যাত্রীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধি, প্ল্যাটফর্ম সংস্কার, স্টেশন চত্বরের সৌন্দর্যায়ন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, পর্যাপ্ত পানীয় জল ও আলো-ব্যবস্থার উন্নয়ন, নতুন ট্রেন চালু ও গুরুত্বপূর্ণ ট্রেনগুলির স্টপেজ বৃদ্ধিসহ একাধিক দাবি তুলে ধরেন। পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার সার্বিক যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে রেল প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়নের বিষয়েও তিনি জোর দেন।বৈঠকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বিভিন্ন দাবির বিষয় গুরুত্ব সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন বলে সাংসদ সূত্রে জানা গেছে।বৈঠক শেষে সাংসদ কার্তিক চন্দ্র পাল বলেন,
“রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মানুষের দীর্ঘদিনের রেল-সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও দাবিগুলি আমি আজ মাননীয় রেলমন্ত্রীর কাছে তুলে ধরেছি। আমাদের লক্ষ্য একটাই—উত্তর দিনাজপুর তথা রায়গঞ্জের মানুষ যাতে আরও উন্নত ও আধুনিক রেল পরিষেবা পান। যাত্রী স্বাচ্ছন্দ্য, নতুন ট্রেন, স্টেশন উন্নয়ন এবং চলমান প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়নের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। মাননীয় রেলমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বিষয়গুলি শুনেছেন এবং ইতিবাচক পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। আমি বিশ্বাস করি, আগামী দিনে রায়গঞ্জ লোকসভা এলাকার রেল যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে এবং সাধারণ মানুষ তার সুফল পাবেন।”রাজনৈতিক মহলের মতে, এই বৈঠক রায়গঞ্জ লোকসভা এলাকার রেল পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দীর্ঘদিনের বিভিন্ন দাবি বাস্তবায়িত হলে উত্তর দিনাজপুর জেলার সাধারণ যাত্রী, ব্যবসায়ী, ছাত্রছাত্রী ও কর্মজীবী মানুষের যাতায়াত আরও সহজ ও আধুনিক হবে বলে আশা করা হচ্ছে।