মোদী সরকারের ১২ বছরের সুশাসনের অভিযাত্রা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু কামনায় বয়রা কালী মন্দিরে বিশেষ পূজা

তন্ময় চক্রবর্তী :- কেন্দ্রে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে এক ভক্তিমূলক ও জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করল বিজেপির কালিয়াগঞ্জ শহর মণ্ডল। বৃহস্পতিবার সকালে কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী বয়রা কালী মা মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং দেশের সার্বিক উন্নয়ন কামনায় বিশেষ পূজা ও প্রার্থনার আয়োজন করা হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির কালিয়াগঞ্জ শহর মণ্ডল সভাপতি অপূর্ব রায়, দলের একাধিক পদাধিকারী, সক্রিয় কর্মী-সমর্থক এবং সাধারণ ভক্তবৃন্দ। মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজা সম্পন্ন হয়। পাশাপাশি দেশ ও রাজ্যের সাধারণ মানুষের সুখ-সমৃদ্ধি এবং কল্যাণের জন্যও বিশেষ প্রার্থনা করা হয়।অনুষ্ঠানকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

 

মন্দির প্রাঙ্গণে “বন্দে মাতরম”, “ভারত মাতা কি জয়” এবং “নরেন্দ্র মোদী জিন্দাবাদ” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পরিবেশ।

 

কর্মীরা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত ১২ বছরে ভারত বিশ্বদরবারে এক নতুন মর্যাদা অর্জন করেছে এবং দেশের উন্নয়নের গতি বহুগুণ বৃদ্ধি পেয়েছে।বিজেপির কালিয়াগঞ্জ শহর মণ্ডল সভাপতি অপূর্ব রায় এদিন বলেন,“প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি আজ দেশের ১৪০ কোটিরও বেশি মানুষের আশা ও ভরসার প্রতীক।

 

গত ১২ বছরে তাঁর নেতৃত্বে ভারত আত্মনির্ভরতার পথে এগিয়েছে, বিশ্বের দরবারে দেশের সম্মান বৃদ্ধি পেয়েছে এবং কোটি কোটি সাধারণ মানুষ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পেয়েছেন। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনায় আমরা আজ বয়রা কালী মায়ের চরণে প্রার্থনা জানালাম।“তিনি আরও বলেন,“উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি, স্বনির্ভর ভারত অভিযানসহ একাধিক প্রকল্প দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করেছে। আগামী দিনেও দেশের উন্নয়নের এই যাত্রা অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস করি।“দলের  এক প্রবীণ কর্মী বলেন,

 

“মোদীজির নেতৃত্বে দেশের সাধারণ মানুষের মধ্যে আত্মবিশ্বাস বেড়েছে। দরিদ্র, কৃষক, শ্রমিক, মহিলা ও যুব সমাজের উন্নয়নের জন্য যে কাজ হয়েছে তা স্বাধীনতার পর খুব কম সরকারই করতে পেরেছে। তাই তাঁর দীর্ঘায়ু কামনায় আমরা আজকের এই পূজায় অংশগ্রহণ করেছি।“বিজেপি  এক কর্মী বলেন,“দেশের নিরাপত্তা থেকে শুরু করে পরিকাঠামো উন্নয়ন— প্রতিটি ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। আমরা চাই তিনি সুস্থ থাকুন এবং আরও দীর্ঘদিন দেশকে নেতৃত্ব দিন।“মহিলা মোর্চার এক কর্মী বলেন,
“মহিলাদের ক্ষমতায়ন এবং সামাজিক সুরক্ষার ক্ষেত্রে মোদী সরকারের বিভিন্ন প্রকল্প বিশেষভাবে উপকৃত করেছে দেশের নারীদের। তাই আজ আমরা মা কালীর কাছে তাঁর দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনা করেছি।“পূজা শেষে সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। পাশাপাশি উপস্থিত কর্মী-সমর্থকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের অগ্রগতি ও উন্নয়নের ধারাকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।স্থানীয় রাজনৈতিক মহলের মতে, কেন্দ্র সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই ধর্মীয় ও সামাজিক কর্মসূচি বিজেপি কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সঞ্চার করেছে। কালিয়াগঞ্জের বয়রা কালী মন্দিরে অনুষ্ঠিত এই বিশেষ পূজা ঘিরে দিনভর ছিল উৎসবমুখর পরিবেশ এবং দলীয় কর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি।