মা ক্যান্টিনে মমতার ছবি–সহ স্লিপ ঘিরে বিতর্ক!  বিজেপির আপত্তি, জবাবে তৃণমূলের ব্যাখ্যা

ইসলামপুর মহকুমা হাসপাতালে চলমান মা ক্যান্টিনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও দলীয় রঙের আদলে তৈরি স্লিপ বিতরণকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে।

শনিবার এই ঘটনাকে ঘিরে বিজেপি ও তৃণমূলের মধ্যে শুরু হয়েছে বাকযুদ্ধ।জানা গিয়েছে, এদিন বিজেপি নেতা তথা ইসলামপুর পুরসভার প্রাক্তন কাউন্সিলর রাজু গোয়ালা মা ক্যান্টিন পরিদর্শনে আসেন। সেখানে তিনি দেখতে পান সাধারণ মানুষের মধ্যে যে খাবারের স্লিপ বিতরণ করা হচ্ছে, তাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও নির্দিষ্ট লোগো ব্যবহার করা হয়েছে। বিষয়টি নজরে আসতেই তিনি আপত্তি জানান এবং প্রশ্ন তোলেন, সরকারি প্রকল্পে কেন কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি-সহ স্লিপ ব্যবহার করা হবে।রাজু গোয়ালার অভিযোগ, সরকারি পরিষেবা বা জনকল্যাণমূলক প্রকল্পে রাজনৈতিক প্রচারের কোনও স্থান থাকা উচিত নয়।

সাধারণ মানুষের করের টাকায় পরিচালিত প্রকল্পে নিরপেক্ষতা বজায় রাখা প্রয়োজন বলেও তিনি দাবি করেন। বিষয়টি নিয়ে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণের কথাও জানান।“সরকারি প্রকল্পে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি ব্যবহার করা উচিত নয়। মা ক্যান্টিন সাধারণ মানুষের জন্য, সেখানে নিরপেক্ষতা বজায় রাখা দরকার।“অন্যদিকে, এই অভিযোগকে গুরুত্ব দিলেও বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন বর্তমান কাউন্সিলর তথা তৃণমূল নেতা অমল সরকার। তাঁর দাবি, নতুন কোনও স্লিপ ছাপানো হয়নি।

 

আগে একসঙ্গে বিপুল পরিমাণ স্লিপ মুদ্রণ করা হয়েছিল, তারই কিছু অবশিষ্ট স্লিপ বর্তমানে ব্যবহার করা হচ্ছে।তিনি আরও জানান, বিষয়টি নজরে আসার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামীকাল থেকে ওই স্লিপ আর ব্যবহার করা হবে না। পাশাপাশি স্লিপের রঙ ও নকশাতেও পরিবর্তন আনা হবে বলে আশ্বাস দেন তিনি।