“মহিলাদের জন্য ‘ফ্রি বাস’ পরিষেবা, ইসলামপুরে খুশির হাওয়া! যাত্রীদের হাতে জল-চকলেট নিয়ে পৌঁছাল বিজেপি”

ইসলামপুরে নতুন সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের জেরে খুশির হাওয়া মহিলা যাত্রীদের মধ্যে। সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুযোগ পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বহু মহিলা।

 

তাঁদের বক্তব্য, প্রতিদিনের যাতায়াতের খরচ কমে যাওয়ায় সংসারের উপর আর্থিক চাপ অনেকটাই হালকা হবে এবং দৈনন্দিন জীবনে মিলবে বড় স্বস্তি।রাজ্যজুড়ে চালু হওয়া এই প্রকল্পের আওতায় আপাতত আধার কার্ড দেখিয়ে মহিলারা সরকারি বাসে বিনা ভাড়ায় যাতায়াত করতে পারছেন। কর্মস্থল, বাজার, স্কুল-কলেজ কিংবা চিকিৎসার মতো প্রয়োজনীয় কাজে প্রতিদিন যাতায়াতের জন্য দীর্ঘদিন ধরেই পরিবহন খরচ বহন করতে হতো মহিলাদের। অনেক ক্ষেত্রেই সেই খরচ নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের বাজেটে অতিরিক্ত চাপ তৈরি করত।নতুন সরকারের এই সিদ্ধান্তে সেই আর্থিক বোঝা অনেকটাই কমবে বলে আশাবাদী ইসলামপুরের মহিলা যাত্রীরা। তাঁদের দাবি, এই উদ্যোগ শুধু অর্থ সাশ্রয়ই করবে না, বরং মহিলাদের আরও স্বাধীনভাবে চলাফেরা ও প্রয়োজনীয় কাজে সহজে পৌঁছনোর সুযোগ করে দেবে। ফলে সমাজের বৃহৎ অংশের নারী বিশেষভাবে উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে।এদিকে, এই উদ্যোগকে কেন্দ্র করে ইসলামপুর বাস টার্মিনাসে দেখা যায় রাজনৈতিক তৎপরতাও। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির নগর মন্ডল সভাপতি তথা ইসলামপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায়, জেলা সহ-সভাপতি সুরজিৎ সেন-সহ দলের অন্যান্য নেতৃত্ব। তাঁরা মহিলা যাত্রীদের হাতে লিফলেট দেওয়ার পাশাপাশি জল ও চকলেট বিতরণ করেন। বিজেপি নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।