“বাবাকে বাঁচাতে নিজের লিভার দিচ্ছে ছেলে! ৩০ লক্ষ টাকার চিকিৎসার খরচ জোগাতে সমাজের কাছে অসহায় মায়ের আকুল আবেদন”

 তন্ময় চক্রবর্তী মানবতার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের ক্ষুদিরাম পল্লীর এক তরুণ। মরণব্যাধির সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করা বাবাকে বাঁচাতে নিজের শরীরের একটি অংশ দান করতে প্রস্তুত ছেলে। কিন্তু জীবন রক্ষার এই কঠিন লড়াইয়ের সামনে আজ সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থের অভাব।ইসলামপুরের বাসিন্দা শুভেন্দু ব্যানার্জী দীর্ঘদিন ধরে লিভারের এক জটিল ও প্রাণঘাতী রোগে আক্রান্ত।

চিকিৎসকদের মতে, তাঁর বেঁচে থাকার একমাত্র উপায় ‘লিভার ট্রান্সপ্লান্ট’। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এই অস্ত্রোপচার সম্ভব হলেও তার ব্যয় বহন করা সাধারণ পরিবারের পক্ষে প্রায় অসম্ভব।এই কঠিন সময়ে বাবার জীবন বাঁচাতে এগিয়ে এসেছে তাঁর একমাত্র ছেলে সিদ্ধার্থ ব্যানার্জী। বর্তমানে দেরাদুনের অ্যালপাইন কলেজে বি-টেক (এআই ও এমএল) বিভাগের প্রথম বর্ষের ছাত্র সিদ্ধার্থ নিজের লিভারের একটি অংশ বাবাকে দান করার সিদ্ধান্ত নিয়েছে। একদিকে বাবার জীবন রক্ষার সংগ্রাম, অন্যদিকে সন্তানের এই আত্মত্যাগ— দুই মিলিয়ে আবেগঘন এক মানবিক কাহিনি তৈরি হয়েছে।কিন্তু চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৩০ লক্ষ টাকা। ইতিমধ্যেই চিকিৎসার খরচ জোগাতে পরিবারকে নিজেদের ভিটেমাটি পর্যন্ত বিক্রি করতে হয়েছে। গত তিন বছর ধরে চলেছে অসহায় এক পরিবারের নিরন্তর জীবনযুদ্ধ। চিকিৎসকদের নির্দেশ অনুযায়ী আগামী জুলাই মাসে নির্দিষ্ট দিনে বাবা ও ছেলে একসঙ্গে অপারেশন থিয়েটারে প্রবেশ করবেন। সেখানে একদিকে চলবে জীবন বাঁচানোর লড়াই, অন্যদিকে থাকবে এক সন্তানের সর্বোচ্চ আত্মত্যাগের পরীক্ষা।এই পরিস্থিতিতে শুভেন্দু ব্যানার্জীর স্ত্রী তমশি ব্যানার্জী সমাজের সকল শুভবুদ্ধিসম্পন্ন মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। তাঁর কথায়, “স্বামীকে বাঁচাতে এবং ছেলেকে সুস্থভাবে ফিরে পেতে আমি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছি। কিন্তু এই বিশাল অঙ্কের টাকা জোগাড় করা আমাদের পক্ষে অসম্ভব। তাই সমাজের সকল মানুষের কাছে হাতজোড় করে সাহায্যের আবেদন জানাচ্ছি।”তিনি আরও জানান, অতীতে বহু মানুষ তাঁদের পাশে দাঁড়িয়েছেন। তবে এখন যে সংকটের মুখোমুখি পরিবারটি দাঁড়িয়ে রয়েছে, তা মোকাবিলা করতে বৃহত্তর সমাজের সহযোগিতা একান্ত প্রয়োজন।মানবিকতার খাতিরে, একজন স্বামীকে বাঁচাতে, একজন ছেলের আত্মত্যাগকে সফল করতে এবং একটি পরিবারকে ভেঙে পড়ার হাত থেকে রক্ষা করতে সমাজের সকল স্তরের মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তমশি দেবী।

আর্থিক সহযোগিতা ও যোগাযোগের জন্য:
📞 +91 7908745385

প্রযত্নে:
শ্রী শুভেন্দু ব্যানার্জী ও পরিবার
ক্ষুদিরাম পল্লী, ইসলামপুর, উত্তর দিনাজপুর

একটি পরিবারের জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আপনার সামান্য সাহায্যও হয়ে উঠতে পারে নতুন জীবনের আলো।