ফর্ম ৭ জমা ঘিরে কালিয়াগঞ্জ বিডিও অফিসে তীব্র উত্তেজনা দুই রাজনৈতিক দলের বচসা–ধাক্কাধাক্কিতে চাঞ্চল্য, পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী

এসআইআর-এর ফর্ম ৭ জমা দেওয়াকে কেন্দ্র করে সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিডিও অফিস চত্বরে তীব্র উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে আসেন কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায়। তাঁর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার ছিল কালিয়াগঞ্জ ব্লকে এসআইআর ফর্ম ৭ জমার শেষ দিন। সেই কারণে দুপুরে কালিয়াগঞ্জ পৌরসভার বিজেপি কাউন্সিলর গৌতম বিশ্বাস এবং ১১ নম্বর ওয়ার্ডের কমিশনার পিয়ালী দাস সাহার স্বামী অমিত সাহা তাঁদের ওয়ার্ডের ফর্ম ৭ জমা দিতে বিডিও অফিসে আসেন।অমিত সাহার অভিযোগ, তাঁদের ওয়ার্ডে অস্তিত্বহীন কিছু ব্যক্তির নাম ভোটার তালিকায় রয়েছে। সেই বিষয়েই ফর্ম ৭ জমা দিয়ে প্রশাসনের কাছে জানতে চাওয়া হয়, ওই ব্যক্তিদের প্রকৃত অস্তিত্ব তাঁদের ওয়ার্ডে কোথায়।

অভিযোগ, ফর্ম জমা দেওয়ার সময় তৃণমূল কংগ্রেসের কনভেনার নিতাই বৈশ্যর নেতৃত্বে তৃণমূল কর্মীরা ধাক্কা দিয়ে তাঁদের বিডিও অফিস থেকে বাইরে বের করে দেন।এই ঘটনাকে কেন্দ্র করে দুই রাজনৈতিক দলের মধ্যে বচসা ও হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ প্রশাসন হস্তক্ষেপ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার জেরে এসআইআর-এর হিয়ারিংয়ে আসা সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক ছড়ায়। পরে বিডিও অফিস চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।এদিকে এই ঘটনার প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি নিমাই কবিরাজের নেতৃত্বে বিজেপি কর্মী-সমর্থকরা জেলা শাসকের দফতরের সামনে ধর্নায় বসেন। তাঁদের দাবি, যতক্ষণ না প্রশাসন তাঁদের কাছ থেকে ফর্ম ৭ গ্রহণ করবে, ততক্ষণ এই ধর্না চলবে।