“পালা বদলেই উন্নয়নের চাকা ঘুরতে শুরু! কালিয়াগঞ্জে অত্যাধুনিক সরকারি বাস স্ট্যান্ড গড়তে জমি পরিদর্শনে সাংসদ কার্তিক পাল”

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জবাসীর বহুদিনের স্বপ্ন ছিল একটি আধুনিক ও সুপরিকল্পিত সরকারি বাস স্ট্যান্ড। দীর্ঘদিন ধরে এই দাবি উঠলেও বাস্তবায়নের পথে কোনও উল্লেখযোগ্য উদ্যোগ দেখা যায়নি। তবে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সেই স্বপ্নপূরণের পথে বড় পদক্ষেপ নেওয়া হল বলে মনে করছেন এলাকার মানুষ।বুধবার বিকেলে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালের নেতৃত্বে কালিয়াগঞ্জ শহরের প্রাণকেন্দ্র মা বয়রা মন্দির সংলগ্ন এলাকায় সম্ভাব্য বাস স্ট্যান্ড নির্মাণের জন্য জমি পরিদর্শন করা হয়।

পরিদর্শনে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুরের জেলাশাসক বিবেক কুমার, অতিরিক্ত জেলাশাসক তেজা দীপক, কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল মহারাজ-সহ প্রশাসনের একাধিক আধিকারিক।মা বয়রা মন্দিরের সামনে, ১০ নম্বর রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়কের ধারে এবং কালিয়াগঞ্জ থানার সংলগ্ন উত্তর দিনাজপুর জেলা পরিষদের বিস্তীর্ণ পরিত্যক্ত জমিকেই বাস স্ট্যান্ড নির্মাণের জন্য সম্ভাব্য স্থান হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, এই জমিতে আধুনিক পরিকাঠামো-সমৃদ্ধ একটি সরকারি বাস টার্মিনাস গড়ে তোলার বিষয়ে প্রাথমিকভাবে ইতিবাচক ভাবনা-চিন্তা চলছে।উল্লেখ্য, ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন সময়েও কার্তিক পাল এই জায়গায় সরকারি বাস স্ট্যান্ড নির্মাণের পরিকল্পনা করেছিলেন। তবে নানা প্রশাসনিক ও রাজনৈতিক কারণে সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি। এবার নতুন পরিস্থিতিতে সেই পুরনো স্বপ্নকে বাস্তবে রূপ দিতে উদ্যোগী হয়েছেন তিনি।সম্প্রতি সাংসদ পদে দায়িত্ব পালনের পাশাপাশি কার্তিক পালকে কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যানের দায়িত্বও দেওয়া হয়েছে। জানা গিয়েছে, শুক্রবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন। এরপর থেকেই শহরের সামগ্রিক উন্নয়ন, পরিকাঠামো সম্প্রসারণ এবং নাগরিক পরিষেবা বৃদ্ধির লক্ষ্যে একাধিক প্রকল্পের কাজ শুরু হতে পারে।এদিন জমি পরিদর্শনের পর কার্তিক পাল জানান, “কালিয়াগঞ্জকে একটি আধুনিক ও পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। অত্যাধুনিক সরকারি বাস স্ট্যান্ড নির্মাণ হলে শুধু যাত্রীদের সুবিধাই বাড়বে না, শহরের বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থারও ব্যাপক উন্নয়ন ঘটবে।”দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাস স্ট্যান্ড নির্মাণের উদ্যোগে আশার আলো দেখছেন কালিয়াগঞ্জের সাধারণ মানুষ। এখন সকলের নজর প্রশাসনিক অনুমোদন ও প্রকল্পের বাস্তবায়নের দিকে।