জাতীয় ফুল পদ্মে সাজবে মণ্ডপ! শেঠ কলোনির ঐক্য সম্মিলনীর ৭৬তম দুর্গাপূজায় থাকছে বিশেষ চমক
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ, ৫ সেপ্টেম্বর: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আর সেই উৎসবকে ঘিরে ইতিমধ্যেই সাজ সাজ রব উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের শেঠ কলোনিতে। ঐতিহ্যবাহী শেঠ কলোনির ঐক্য সম্মিলনীর দুর্গাপূজা এবার পা দিতে চলেছে ৭৬তম বর্ষে। এবারের বিশেষ আকর্ষণ ভারতের জাতীয় ফুল পদ্ম।

পদ্মকে কেন্দ্র করে মণ্ডপসজ্জা ও আলোকসজ্জায় নতুন চমক দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন পুজো উদ্যোক্তারা।এখনও বেশ কিছুটা সময় বাকি থাকলেও প্রায় দুমাস আগে থেকেই শুরু হয়েছে প্রতিমা তৈরির কাজ। শুধু প্রতিমা নির্মাণই নয়, মণ্ডপসজ্জার প্রাথমিক বাঁশের কাজও ইতিমধ্যে প্রায় শেষের পথে।
পুজোকে ঘিরে ক্লাবের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে ব্যস্ততা তুঙ্গে।কালিয়াগঞ্জ শহরের বিগ বাজেটের পুজোগুলির অন্যতম হিসেবে পরিচিত শেঠ কলোনির ঐক্য সম্মিলনীর দুর্গাপূজা। স্থানীয় মানুষের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তের দর্শনার্থীদের কাছেও এই পুজোর আলাদা আকর্ষণ রয়েছে। বিশেষ করে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কালিয়াগঞ্জের শেঠ কলোনির ভূমিপুত্র কার্তিক চন্দ্র পালের পুজো হিসেবেও এই দুর্গোৎসবের পরিচিতি রয়েছে।পালাবদলের পর এবার শেঠ কলোনির ঐক্য সম্মিলনীর দুর্গাপূজা আরও বিশেষ মাত্রা পাবে বলেই মনে করছেন অনেকেই। তবে পুজোর মূল আকর্ষণ হিসেবে এবার সামনে আসছে জাতীয় ফুল পদ্মকে ঘিরে বিশেষ থিম। মণ্ডপের সাজসজ্জা ও আলোকসজ্জায় পদ্মের নান্দনিক উপস্থাপনা দর্শকদের নজর কাড়বে বলেই আশা উদ্যোক্তাদের।শেঠ কলোনি ঐক্য সম্মিলনী ক্লাবের কর্মকর্তা বিজয় পাল জানান, এবার তাঁদের দুর্গাপূজা ৭৬ বছরে পদার্পণ করবে। বরাবরের মতো এবারও জেলার অন্যতম সেরা পুজো হিসেবে নিজেদের জায়গা ধরে রাখার লক্ষ্য রয়েছে তাঁদের। সেই লক্ষ্যেই চলছে প্রস্তুতি।বিজয় পাল আরও জানান, মায়ের মাটির তৈরি প্রতিমা বানানোর কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। এখন চলছে মণ্ডপসজ্জা ও অন্যান্য প্রস্তুতির কাজ। বিশেষ করে আলোকসজ্জায় জাতীয় ফুল পদ্মের বাহারি কাজ থাকবে, যা দর্শকদের সহজেই আকৃষ্ট করবে বলে তাঁর দৃঢ় বিশ্বাস।সব মিলিয়ে ঐতিহ্য, থিম ও নান্দনিকতার মেলবন্ধনে এবার শেঠ কলোনির ঐক্য সম্মিলনীর দুর্গাপূজা দর্শকদের মনে বিশেষ ছাপ ফেলবে বলেই আশা করছেন উদ্যোক্তারা।

