গ্রামাঞ্চলে ডাক্তার ও নার্সিংদের জন্য তৈরী হচ্ছে অত্যাধুনিক ফ্ল্যাট বাড়ি
পশ্চিমবঙ্গে গ্রামাঞ্চলে কিছুতেই ডাক্তার ও নার্সরা যেতে চান না – এই অভিযোগ বহুদিনের। তার প্রধান কারণ চিকিৎসা ও তাদের থাকার পরিকাঠামোর অভাব। এবার সেই দিকেই নজর দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। রাজ্যে পালাবদলের পর চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে শুভেন্দু অধিকারীর সরকার। সরকারি হাসপাতালগুলির হাল ফেরাতে সক্রিয় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।

রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতাল পরিদর্শন করে হাল হকিকতও খতিয়ে দেখছেন তিনি। সেই আবহেই এবার বড় ভাবনার কথা প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী। গ্রামাঞ্চলে চিকিৎসক-নার্সদের জন্য নতুন ফ্ল্যাট তৈরি করা হবে। সেসব ফ্ল্যাটে এসির ব্যবস্থা থাকবে। শুধু তাই নয়, অত্যাধুনিক শৌচালয় রাখারও ভাবনাচিন্তা চলছে। এমনই জানিয়েছেন শারদ্বত মুখোপাধ্যায়।

রাজ্যের বিভিন্ন হাসপাতালের পাশাপাশি চিকিৎসক-নার্সদের থাকার কোয়ার্টারগুলিও পরিদর্শন করছেন স্বাস্থ্যমন্ত্রী। বহু ক্ষেত্রেই সেসব জায়গা বসবাসযোগ্য নয়, বলে দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছে। বর্ষার বৃষ্টিতে ছাদ থেকে জল পড়ছে! ঘরের মধ্যে সাপ ঢুকে যাওয়ার ঘটনাও ঘটছে! তৃণমূল আমলে কার্যত এসব জায়গায় উন্নয়ন হয়নি! বেহাল অবস্থায় সেসব আবাসনগুলি দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে! এমনই অভিযোগ উঠছে।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এদিন বলেন,”আমি বহু জায়গায় গিয়ে দেখেছি নার্সিং স্টাফদের থাকার জায়গায় খারাপ অবস্থা। জল পড়ছে সাপ ঢুকছে। কীভাবে থাকবেন ওঁরা?” মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর এই বিষয়ে কথা হয়েছে। চিকিৎসক, নার্স-সহ স্বাস্থ্যকর্মীদের থাকার জন্য বড় পরিকল্পনা চলছে। এদিন শারদ্বত মুখোপাধ্যায় বলেন, “এবার ভাবা হচ্ছে ফ্ল্যাটের। এসি থাকবে।
৩৪১ টি ব্লকের জন্য একই ব্যবস্থার ভাবনা।” এই পরিকল্পনা বাস্তবায়িত হতে শুরু করলে গ্রামেগঞ্জের স্বাস্থ্যরক্ষায় বিরাট বদল আসবে। স্বাস্থ্যকর্মীরাও আরও বেশি কাজে মনোনিবেশ করতে পারবেন। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।
