কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জে রাম পূজাকে ঘিরে উৎসবের রোশনাই, ভক্তিতে মাতল আখনগর

তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের আখনগর ও মহেন্দ্রগঞ্জ এলাকায় বৃহস্পতিবার রাম পূজাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। সকাল থেকেই ভক্তদের আনাগোনায় মুখরিত হয়ে ওঠে মধ্য আখনগর এলাকা।মধ্য আখনগর রাম পূজা কমিটির অন্যতম উদ্যোক্তা শ্রীবাস মহন্ত জানান, প্রতিবছরের মতো এবারও তাঁরা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাম পূজার আয়োজন করেছেন। ভোর থেকেই চলে বিশেষ পূজার্চনা ও ধর্মীয় আচার। অপর উদ্যোক্তা নিতাই মহন্ত জানান, সন্ধ্যায় মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে।

নিতাই মহন্ত বলেন, “রাম শুধুমাত্র একজন দেবতা নন, তিনি মানুষের হৃদয়ে বাস করেন। আজ শুধু কালিয়াগঞ্জ নয়, গোটা রাজ্যের মানুষের মধ্যেই রামের প্রভাব ও ভক্তি ছড়িয়ে পড়েছে।” তিনি আরও জানান, আগে রাম পূজাকে ঘিরে সাধারণ মানুষের সাড়া তুলনামূলকভাবে কম থাকলেও বর্তমানে সেই চিত্র পুরোপুরি বদলে গেছে।সারাদিন ধরে নানান ধরনের পূজার্চনা চলার পাশাপাশি পূজা শেষে কয়েক হাজার ভক্তের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে। সন্ধ্যায় কীর্তনের সঙ্গে বাউল সঙ্গীতের অনুষ্ঠানও আয়োজন করা হয়েছে, যা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে।ভক্তি, সংস্কৃতি ও মিলনের বার্তায় কালিয়াগঞ্জের আখনগর-মহেন্দ্রগঞ্জ এলাকা রাম পূজাকে কেন্দ্র করে এক ধর্মীয় উৎসবের আবহে মেতে উঠেছে।