কালিয়াগঞ্জে মাড়োয়ারি যুব মঞ্চের মানবিক উদ্যোগ: বিশেষ চাহিদাসম্পন্নদের পাশে দাঁড়াল সংস্থা
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ: আর্তমানবতার সেবায় আবারও নজির সৃষ্টি করল কালিয়াগঞ্জ মাড়োয়ারি যুব মঞ্চ। বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের হনুমান ভবনে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে এলাকার বেশ কয়েকজন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির হাতে প্রয়োজনীয় সহায়ক সরঞ্জাম তুলে দিল এই স্বেচ্ছাসেবী সংস্থা।সংস্থা সূত্রে খবর, সমাজের পিছিয়ে পড়া ও শারীরিক প্রতিকূলতার লড়াকু মানুষদের দৈনন্দিন জীবনকে কিছুটা সহজ করে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিন হাট কালিয়াগঞ্জের বাসিন্দা অনিল পাল এবং মিস্ত্রি পাড়ার পঙ্কজ মণ্ডলকে চলাফেরার সুবিধার জন্য নতুন ট্রাই সাইকেল প্রদান করা হয়। পাশাপাশি, ডালিমগাঁওয়ের পদ রায়, মজলিশপুরের শ্যামা রায় এবং চাঁদগাঁয়ের মঙ্গলু বর্মনকে বিনামূল্যে ক্র্যাচ দেওয়া হয়।কালিয়াগঞ্জ মাড়োয়ারি যুব মঞ্চের সম্পাদক শুভম তাপাড়িয়া বলেন, “আমাদের সংস্থা বরাবরই সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ। যাঁদের চলাফেরায় সমস্যা রয়েছে, এই সরঞ্জামগুলো তাঁদের স্বনির্ভর হতে সাহায্য করবে। ভবিষ্যতে আমাদের এই সামাজিক কর্মযজ্ঞ আরও বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে।”বিনামূল্যে এই সহায়ক সরঞ্জাম পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন সুবিধাভোগীরা।

হাট কালিয়াগঞ্জের অনিল পাল জানান, আর্থিক অনটনের কারণে অনেক সময় এই ধরনের জিনিস কেনা সম্ভব হয় না। যুব মঞ্চের এই মহানুভবতায় তাঁরা কৃতজ্ঞ এবং সংস্থার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।

এদিনের অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের প্রখ্যাত রক্তদান আন্দোলনের নেতা সন্তোষ বেঙানি, সীতারাম তপাড়িয়া, জগদীশ লাখটিয়া, রমেশ পেরিওয়াল, পবন সোমানি, অজয় জাজদিয়া, বিষ্ণু রাঠি, শ্যাম চন্ডক ও অভিষেক লোহিয়া সহ আরও অনেকে। অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন সংস্থার অন্যতম সদস্য মণীশ জৈন।





