কালিয়াগঞ্জে বিজেপির প্রার্থী নিয়ে নতুন জল্পনা  ‘ভূমিপুত্রকেই চাই’ দাবিতে সরব কর্মী-সমর্থকরা

তন্ময় চক্রবর্তী :- রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহ ক্রমশ ঘনিয়ে আসছে। ভোটের দামামা বাজতে শুরু করতেই রাজনৈতিক দলগুলির মধ্যে শুরু হয়েছে ঘর গোছানোর ব্যস্ততা। শাসক থেকে বিরোধী—সব রাজনৈতিক দলই নিজেদের সংগঠনকে আরও শক্তিশালী করতে তৎপর হয়ে উঠেছে। এরই মধ্যে বিজেপির পক্ষ থেকে সারা রাজ্যজুড়ে শুরু হয়েছে “পরিবর্তন যাত্রা”, যার মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে সংগঠনকে চাঙ্গা করার চেষ্টা চলছে।এই প্রেক্ষাপটে রবিবার একান্ত সাক্ষাৎকারে কালিয়াগঞ্জ শহর বিজেপি মন্ডল সভাপতি অপূর্ব রায়কে প্রশ্ন করা হয়— এত গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি, অথচ কালিয়াগঞ্জের বর্তমান বিজেপি বিধায়ক সৌমেন রায়কে কেন পরিবর্তন যাত্রার কর্মসূচিতে দেখা যাচ্ছে না?

এই প্রশ্নের উত্তরে অপূর্ব রায় জানান,দলের তরফে হয়তো বিধায়ক সৌমেন রায়কে অন্য কোনও গুরুত্বপূর্ণ কর্মসূচিতে পাঠানো হয়েছে বলেই তিনি এই কর্মসূচিতে উপস্থিত থাকতে পারেননি।তবে এখানেই থেমে থাকেননি তিনি। সামনে বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসতেই কালিয়াগঞ্জে বিজেপির প্রার্থী নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। এ প্রসঙ্গে অপূর্ব রায় স্পষ্টভাবেই বলেন,কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে এবার বিজেপির প্রার্থী হিসেবে এলাকার ‘ভূমিপুত্রকেই’ দেখতে চান কর্মী ও সমর্থকরা।তিনি জানান,কালিয়াগঞ্জ বিজেপি সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যেই দলের ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে এই দাবির কথা জানানো হয়েছে।রাজনৈতিক মহলের মতে, এই মন্তব্যে স্পষ্ট ইঙ্গিত রয়েছে যে, আগামী নির্বাচনে কালিয়াগঞ্জে বিজেপির প্রার্থী নির্বাচন নিয়ে দলের অন্দরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি দলের একাংশের আপত্তি থাকা সত্ত্বেও একজন ‘বহিরাগত’ প্রার্থীকে কালিয়াগঞ্জে প্রার্থী করা হয়েছিল এবং তিনি জয়ীও হন। কিন্তু এবার পরিস্থিতি কিছুটা বদলেছে বলে মনে করছেন স্থানীয় নেতৃত্ব।

অপূর্ব রায়ের কথায়,দলের কর্মী-সমর্থকদের একটি বড় অংশ মনে করেন— এলাকার মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত এবং স্থানীয় সমস্যার সঙ্গে পরিচিত এমন একজন ভূমিপুত্র প্রার্থী হলে সংগঠন আরও শক্তিশালী হবে

এবং সাধারণ মানুষের সমর্থনও বাড়বে।ফলে প্রশ্ন উঠছে—আগামী বিধানসভা নির্বাচনে কি বিজেপি কালিয়াগঞ্জে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নতুন কৌশল নিতে চলেছে?রাজনৈতিক মহলের একাংশের মতে, ‘ভূমিপুত্র বনাম বহিরাগত’ ইস্যু আগামী দিনে কালিয়াগঞ্জের রাজনীতিতে বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে।