কালিয়াগঞ্জে বিজেপিতে বড় ধাক্কা, ১২৬ কর্মীর তৃণমূলে যোগ—প্রচারে নতুন গতি

তন্ময় চক্রবর্তী কালিয়াগঞ্জঃ বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই উত্তর দিনাজপুর জেলাজুড়ে চরমে উঠেছে রাজনৈতিক উত্তাপ। একদিকে জোরকদমে প্রচার, অন্যদিকে দলবদলের হিড়িক—সব মিলিয়ে জমে উঠেছে ভোটের লড়াই। এই আবহেই কালিয়াগঞ্জের অনন্তপুর অঞ্চলের উত্তর লক্ষীপুর বুথে বড়সড় রাজনৈতিক পালাবদল দেখা গেল।

 অনুষ্ঠিত এক যোগদান সভায় ১২৬ জন বিজেপি কর্মী দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ভোটের মুখে এই ধরনের গণ-যোগদান স্বাভাবিকভাবেই বিজেপির অস্বস্তি বাড়াবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।এই যোগদান সভায় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী নিতাই বৈশ্য, শহর তৃণমূল সভাপতি সুজিত সরকার এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রামদেব সাহা সহ অন্যান্য নেতৃত্ব।সভায় বক্তব্য রাখতে গিয়ে নিতাই বৈশ্য বলেন, “মানুষ উন্নয়নের পক্ষে আছে, তাই দলে দলে মানুষ তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন।

কালিয়াগঞ্জে উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”অন্যদিকে সুজিত সরকার বলেন, “বিজেপির ভ্রান্ত রাজনীতি মানুষ আর মেনে নিচ্ছে না।

সাধারণ মানুষ এখন উন্নয়ন ও শান্তির পক্ষে তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখছে।”জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রামদেব সাহা বলেন, “এই যোগদান প্রমাণ করে মানুষ আমাদের সঙ্গেই রয়েছে। আগামী দিনে  বড় ব্যবধানে আমরা জয়ী হব।”যোগদানকারী কর্মীদের তরফে জানানো হয়, তারা উন্নয়নের স্বার্থে এবং এলাকার অগ্রগতির কথা ভেবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তৃণমূল নেতৃত্ব তাদের স্বাগত জানিয়ে আগামী দিনে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।সব মিলিয়ে, ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক তরঙ্গ। এই তরঙ্গে শেষ পর্যন্ত কোন দল বাজিমাত করবে, সেদিকেই এখন তাকিয়ে গোটা কালিয়াগঞ্জ।