কালিয়াগঞ্জে জোনাল ইন্টার স্কুল স্পোর্টস-এর শুভ সূচনা, ব্যাপক উন্মাদনা

কালিয়াগঞ্জ: আজ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয় ময়দানে কালিয়াগঞ্জ জোনাল ইন্টার স্কুল স্পোর্টস প্রতিযোগিতার শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হল। এই ক্রীড়া অনুষ্ঠানকে ঘিরে ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও ক্রীড়াপ্রেমী মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী সুজিত সরকার, কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি বিজু কুন্ডু, সমাজসেবী কমল পাল, অসীম ঘোষ, শচীন সিংহ রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অতিথিরা প্রদীপ প্রজ্বালন ও পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন।বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা বলেন, খেলাধুলা ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পড়াশোনার পাশাপাশি ক্রীড়াচর্চা ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ করে গড়ে তুলতে সাহায্য করে।উদ্বোধনী অনুষ্ঠানের শেষে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কুচকাওয়াজ ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানকে আরও বর্ণাঢ্য করে তোলে। আগামী কয়েকদিন ধরে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা চলবে বলে আয়োজকরা জানিয়েছেন।