কালিয়াগঞ্জ থানা ভেঙে তৈরি হচ্ছে নতুন রাধিকাপুর থানা! নবান্নে তৎপরতা, জমির রিপোর্ট তলব
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ, ১৬ আগস্ট:রাজ্যে পালাবদলের পর এবার এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ও প্রশাসনিক সুবিধার কথা মাথায় রেখে কালিয়াগঞ্জ থানা ভেঙে নতুন রাধিকাপুর থানা তৈরির উদ্যোগ শুরু হয়েছে। নতুন থানার প্রস্তাব ঘিরে নবান্নে তৎপরতা শুরু হয়েছে বলে জানা গিয়েছে। প্রস্তাবিত থানার জমি সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট ও জমির ছবি চেয়ে রাজ্য পুলিশ দপ্তর থেকে রায়গঞ্জ পুলিশ জেলার কাছে তথ্য চাওয়া হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে খবর।সূত্রের খবর, চলতি সপ্তাহেই রাজ্যের পুলিশ দপ্তর থেকে প্রস্তাবিত রাধিকাপুর থানার জন্য নির্ধারিত জমি সংক্রান্ত রিপোর্ট তলব করা হয়েছে।

এরপরই রায়গঞ্জ পুলিশ জেলার পক্ষ থেকে প্রস্তাবিত থানার জমি নিয়ে যাবতীয় তথ্য সংগ্রহ ও রিপোর্ট তৈরির তোড়জোড় শুরু হয়েছে।দীর্ঘদিন ধরেই কালিয়াগঞ্জ থানা ভেঙে রাধিকাপুরে পৃথক থানা তৈরির দাবি উঠছিল। এর আগে এই বিষয়ে প্রস্তাব গেলেও তৎকালীন সরকারের আমলে তা বিশেষ গুরুত্ব পায়নি বলে দাবি স্থানীয়দের। তবে রাজ্যে পালাবদলের পর নতুন সরকার ক্ষমতায় আসতেই সেই প্রস্তাব ফের সক্রিয় হয়েছে। ফলে এবার রাধিকাপুরে নতুন থানা তৈরির সম্ভাবনা আরও জোরালো হয়েছে।জানা গিয়েছে, রাধিকাপুর রেলস্টেশনের আশপাশে পর্যাপ্ত সরকারি জমি রয়েছে। সেই জমিতেই নতুন থানা তৈরির সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই জমি সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে।প্রস্তাবিত রাধিকাপুর থানার আওতায় আসতে পারে কালিয়াগঞ্জ ব্লকের ১ নম্বর অনন্তপুর, ২ নম্বর ধনকোল, ৩ নম্বর রাধিকাপুর এবং ৪ নম্বর বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত। অন্যদিকে কালিয়াগঞ্জ থানার অধীনে থাকবে ৭ নম্বর ভান্ডার, ৮ নম্বর মুস্তাফানগর, ৯ নম্বর বরুনা এবং ১০ নম্বর মালগাঁও গ্রাম পঞ্চায়েত। এর পাশাপাশি কালিয়াগঞ্জ পুরসভার এলাকাও কালিয়াগঞ্জ থানার অধীনেই থাকবে বলে প্রস্তাব রয়েছে।প্রস্তাবিত রাধিকাপুর থানার আওতায় আসতে চলা চারটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে অনন্তপুর, রাধিকাপুর ও বোচাডাঙ্গা ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা। তার উপর রাধিকাপুরে রয়েছে আন্তর্জাতিক রেলপথ এবং রেলস্টেশনে ইমিগ্রেশন চেকপোস্ট। সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ও প্রশাসনিক কাজ আরও দ্রুত ও কার্যকর করার ক্ষেত্রেও পৃথক থানার গুরুত্ব রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।ফলে প্রশাসনিক সুবিধা, সীমান্ত নিরাপত্তা এবং সাধারণ মানুষের দ্রুত পুলিশি পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যেই কালিয়াগঞ্জ থানা দ্বিখণ্ডিত করে রাধিকাপুরে নতুন থানা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।এখন দেখার বিষয়, জমি সংক্রান্ত রিপোর্ট জমা পড়ার পর নবান্ন থেকে রাধিকাপুর থানার বিষয়ে চূড়ান্ত অনুমোদন কবে আসে।
