উত্তর দিনাজপুরে বিজেপির পরিবর্তন যাত্রায় উৎসাহের ঢেউ, ইসলামপুরে পূজো দিয়ে শুরু রথযাত্রা — উপস্থিত সাবিত্রী ঠাকুর, কার্তিক চন্দ্র পাল ও রুপা গাঙ্গুলী

সারা বাংলা জুড়ে বিজেপির উদ্যোগে শুরু হওয়া “পরিবর্তন যাত্রা” ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থেকে পরিবর্তন যাত্রার রথ করণদিঘীর উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রা শুরুর আগে ইসলামপুরের একটি কালীমন্দিরে পূজো দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর।এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০৪৭ সালের মধ্যে দেশকে “বিকশিত ভারত” হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে নিরলসভাবে কাজ করে চলেছেন।

কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প—বিশেষ করে মহিলা, কৃষক ও শিশুদের জন্য চালু হওয়া একাধিক যোজনার সঠিক বাস্তবায়নে অনীহা দেখিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।সাবিত্রী ঠাকুর আরও বলেন, “রাজ্যের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। এই রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। খুন, ধর্ষণ ও রাহাজানির মতো ঘটনা বেড়েই চলেছে। ফলে রাজ্যের মানুষ এবার পরিবর্তনের পক্ষে সিদ্ধান্ত নিয়েছে।”অন্যদিকে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল বলেন, “এক ভারত শ্রেষ্ঠ ভারত, বিকশিত ভারত এবং বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তোলার লক্ষ্যে এই পরিবর্তন যাত্রা।

সোনার বাংলা গড়তে সবাইকে এই যাত্রায় শামিল হওয়ার আহ্বান জানাই।”উল্লেখ্য, ইসলামপুর থেকে পরিবর্তন যাত্রার রথের সূচনা অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর, রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল এবং রাজ্যসভার প্রাক্তন সাংসদ রুপা গাঙ্গুলী উপস্থিত ছিলেন। জানা গেছে, এই পরিবর্তন যাত্রার রথ মালদা বিভাগের ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘী, রায়গঞ্জ ও বালুরঘাট হয়ে মালদায় পৌঁছাবে।এদিন পরিবর্তন যাত্রাকে ঘিরে এলাকাজুড়ে উৎসবের আবহ লক্ষ্য করা যায়। রথ যখন বিভিন্ন এলাকা অতিক্রম করছিল, তখন রাস্তার দু’ধারে দাঁড়িয়ে বহু মানুষকে হাত নেড়ে অভিবাদন জানাতে দেখা যায়। রাজনৈতিক মহলের মতে, এই যাত্রা উত্তরবঙ্গের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।