ইস্তফা নাটকে ইউ-টার্ন! জেলা সভাপতির আশ্বাসে সিদ্ধান্ত বদল সোমা দেব চৌধুরীর, স্তব্ধ জল্পনা

তন্ময় চক্রবর্তী :- উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সোমা দেব চৌধুরীকে ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক জল্পনার অবসান ঘটল অবশেষে। ইস্তফা দেওয়ার পর একদিনের মধ্যেই নাটকীয় মোড়—নিজের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন তিনি।জানা গেছে, গতকাল তিনি কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারপারসন বিশ্বজিৎ কুন্ডুর কাছে ইস্তফা জমা দিয়েছিলেন।

এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং বিরোধী শিবির, বিশেষত বিজেপি নেতৃত্বের মধ্যে বাড়তি উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। তবে সেই উত্তেজনা বেশিক্ষণ স্থায়ী হল না।পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইলাল আগরওয়ালের সঙ্গে বিস্তারিত আলোচনা করার পরই নিজের অবস্থান বদলান সোমা দেব চৌধুরী। এক সাক্ষাৎকারে তিনি জানান, অভিমান থেকেই ইস্তফার সিদ্ধান্ত নিয়েছিলেন।

কিন্তু জেলা সভাপতির সঙ্গে কথা বলার পর তার সমস্যার সমাধানের আশ্বাস মেলায় তিনি ইস্তফা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন।এই ঘটনায় স্পষ্ট, দলীয় স্তরে দ্রুত হস্তক্ষেপ এবং সমঝোতার মাধ্যমে বড় ধরনের ভাঙন এড়াতে সক্ষম হয়েছে তৃণমূল নেতৃত্ব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সোমা দেব চৌধুরীর এই ‘ইউ-টার্ন’ শুধুমাত্র একটি ব্যক্তিগত সিদ্ধান্ত বদল নয়, বরং তা শাসক দলের সংগঠনগত দৃঢ়তারই প্রতিফলন।ফলে, ১ নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলরকে কেন্দ্র করে যে শোরগোল তৈরি হয়েছিল এবং বিরোধীদের যে আশার আলো জ্বলেছিল, তা কার্যত নিভে গেল বলেই মনে করা হচ্ছে।